সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৭:৩৪ এএম

‘কৃষক শ্রমিক জনতা পার্টি’ নামে একটি দলের নিবন্ধন নিয়ে আবেদন নিষ্পত্তি প্রশ্নে আদেশ প্রতিপালন না করার অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল দিয়েছে উচ্চ আদালত। সিইসির বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, সে বিষয়ে সিইসিকে চার সপ্তাহের মধ্যে ব্যাখ্যা দিতে বলেছে হাইকোর্ট। গতকাল রবিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রুল দেয়। আদালতে আদালত অবমাননার অভিযোগের আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ শফিকুর রহমান।

অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ সাংবাদিকদের বলেন, ‘আমি একটি রাজনৈতিক দল (কৃষক শ্রমিক জনতা পার্টি) করেছি। এর নিবন্ধনের জন্য প্রধান নির্বাচন কমিশনের কাছে যাই। কিন্তু আমার আবেদনটি গ্রহণ করা হয়নি। গ্রহণ না করার কারণে পরে আরও একটি আবেদন দিয়েছিলাম। কিন্তু তাতেও নিষ্পত্তি করেনি। পরে হাইকোর্টে রিট পিটিশন করার পর হাইকোর্ট গত বছরের ২৭ আগস্ট এক আদেশে আবেদনটি ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে ইসিকে আদেশ দেয়।

তিনি আরও বলেন, ‘হাইকোর্টের আদেশের পরও নিষ্পত্তি না করায় আদালত অবমাননার আবেদন করেছিলাম। আদালত সিইসির বিরুদ্ধে কেন আদালত অবমাননার প্রসেডিং আনা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছে।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী শফিকুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘তার (ইউনুছ আলী আকন্দ) আবেদনটি নিষ্পত্তির জন্য হাইকোর্ট একটি সময়সীমা দিয়েছিলেন। নির্ধারিত সময়ে সেটি নিষ্পত্তি না হওয়ায় হাইকোর্ট জবাব চেয়ে রুল দিয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত