পুঁজিবাজারের সদস্যভুক্ত তিনটি ব্রোকারেজ হাউজের সার্বিক কার্যক্রম পরিদর্শন করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে দুই সদস্য করে পৃথক তিনটি পরিদর্শন কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলোকে নির্দেশনার পর ৩০ কার্যদিবসের মধ্যে এ-সংক্রান্ত প্রতিবেদন কমিশনে দাখিল করতে বলা হয়েছে।
ব্রোকারেজ হাউজগুলো হলো, ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড, ইত্তেহাদ সিকিউরিটিজ লিমিটেড ও কোস্ট টু কোস্ট সিকিউরিটিজ লিমিটেড। সম্প্রতি এ-সংক্রান্ত পৃথক পৃথক আদেশ বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন থেকে জারি করা হয়েছে। কমিশনের সিদ্ধান্ত প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তাদের পত্রযোগে পাঠানো হয়েছে।
পর্যবেক্ষণকালে সংশ্লিষ্ট কমিটি প্রতিষ্ঠানে কোনো অসঙ্গতি ঘটেছে কি না তা যাচাই-বাছাই করবে। সিকিউরিটিজ আইন অনুযায়ী ব্রোকারেজ হাউজগুলোর কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করা হয়েছে কি না তা খতিয়ে দেখবে পরিদর্শন কমিটি। ব্রোকারেজ হাউজগুলোর কার্যক্রম পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে অন্য কোনো প্রাসঙ্গিক সমস্যা থাকলে সেটাও চিহ্নিত করবে কমিটি।
