নির্বাচন কমিশন ও গণমাধ্যম একটি দলের পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ করেছেন ঢাকা-১১ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। গতকাল বুধবার সকালে রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় নির্বাচনী প্রচারের সময় এই মন্তব্য করেন তিনি।
এনসিপির আহ্বায়ক বলেন, মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় একটা একপাক্ষিকতা। আমরা নির্বাচন কমিশনের ভেতরে একপাক্ষিকতা দেখতে পাচ্ছি এবং এখন তো শারীরিকভাবে আক্রমণ করা হচ্ছে আমাদের বোনদের গায়েও। তাদের নির্বাচনী কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে, আক্রমণ এবং হেনস্তা করা হচ্ছে। এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনায় রাজনৈতিক সহাবস্থানের জায়গা কিছুটা কমে এসেছে। আমরা ভেবেছিলাম ৫ আগস্টের পরে এটার পরিবর্তন হবে। আমরা আগের আমলের সংস্কৃতিতে ফিরে যেতে চাই না যে, প্রতিদ্বন্দ্বীরা নিজেদের মধ্যে শত্রুতা তৈরি করবে। ফলে এখানে এই সহিষ্ণুতা থাকা উচিত, এটাই গণতন্ত্র।
সবাই যার যার মতপ্রকাশ করবে, জনগণ সিদ্ধান্ত নেবে ১২ ফেব্রুয়ারি নাহিদ ইসলাম বলেন, কেউ যদি মনে করে এবারের নির্বাচনে দখল করে, গায়ের জোরে জিতে আসবে, এটার কিন্তু কোনো সুযোগ থাকবে না। কারণ ৫ আগস্টের পরে, অভ্যুত্থানের পরে মানুষ অনেক বেশি সচেতন এবং তরুণরা কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন দেখতে চায়, দেশের রাজনীতির পরিবর্তন দেখতে চায়। ইলেকশন কমিশন এবং যারা এই কাজগুলো করছে, তাদের কাছে আমরা আহ্বান জানাব, তারা যেন এই ধরনের ন্যক্কারজনক কাজ থেকে সরে আসে। নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বিভিন্ন জায়গায় কর্মী-সমর্থকদের ভয়ভীতি দেখানো হচ্ছে, আতঙ্ক তৈরি করা হচ্ছে। আমাদের অফিসের পাশে কয়েক দিন আগে গুলি চালানো হয়েছে, একটা আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে। পরোক্ষ বাধা আসছে। প্রত্যক্ষ বাধা যদি আসে, সেটা আমরা প্রতিহত করব। সেটা আমরা মোকাবিলা করব।
