সিইসি-মার্কিন রাষ্ট্রদূত বৈঠক

নির্বাচনে যারাই আসুক, যুক্তরাষ্ট্র কাজ করতে প্রস্তুত

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ০৮:১১ এএম

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না বলে নিজেদের অবস্থান জানিয়েছেন নবনিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বলেন, নির্বাচনের ফল নির্ধারণের অধিকার শুধু বাংলাদেশের জনগণের। যারাই সরকারে আসুক, যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে খুব ভালো একটি বৈঠক করেছি, যেখানে আমরা ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনের বিষয়ে আলোচনা করেছি। নির্বাচনের প্রস্তুতি নিয়ে তিনি (সিইসি) সে সম্পর্কে বিশদ ব্যাখ্যা করেছেন।’ তিনি আরও বলেন, ‘গত সপ্তাহে যখন আমি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম, তিনি আমাকে বলেছিলেন, নির্বাচনের দিনটি উৎসবমুখর হবে। আমিও তেমনটি আশা করি। আমি আশা করি, নির্বাচনের দিনটি উৎসবমুখর হবে, যেখানে বাংলাদেশিরা নিজেদের মতপ্রকাশ করতে পারবেন। জনগণ যেন শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।’

বৈঠকে ব্যালট পেপারের আকার-আকৃতি এবং মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পর্কে মার্কিন প্রতিনিধিদের ধারণা দেওয়া হয়েছে জানিয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, পুরো প্রক্রিয়াটি তারা পর্যবেক্ষণ করেছেন এবং মন্তব্য করেছেন যে এটি বেশ জটিল ও কষ্টসাধ্য কাজ। তবে তারা পুরো ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেছেন।

আচরণবিধি লঙ্ঘন নিয়ে মার্কিন প্রতিনিধিদের কোনো সুনির্দিষ্ট পর্যবেক্ষণ ছিল কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘তারা কোনো অভিযোগ করেননি। বরং আমাদের ম্যানেজমেন্ট সিস্টেম বা আমরা কীভাবে অভিযোগগুলো নিষ্পত্তি করছি, তা জানতে চেয়েছেন। আমরা তাদের জানিয়েছি, আমাদের কমপ্লেইন ম্যানেজমেন্ট সেল, ইনকোয়ারি কমিটি এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা মাঠপর্যায়ে কাজ করছেন। আজকেও একটি জেলা থেকে অভিযোগ এসেছে, যা দ্রুত নিষ্পত্তির জন্য আমরা রিটার্নিং অফিসারের কাছে পাঠিয়েছি।’

ভোটের সার্বিক নিরাপত্তা নিয়ে আখতার আহমেদ জানান, সারা দেশে প্রায় সাড়ে ৯ লাখ নিরাপত্তাকর্মী বিভিন্ন স্তরে মোতায়েন থাকবেন। মার্কিন প্রতিনিধিদের এই বিশাল কর্মযজ্ঞ সম্পর্কে অবহিত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত