গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার আহ্বান সিপিজের

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০৭:৫৬ এএম

নির্বাচন সামনে রেখে সাংবাদিক ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জানিয়ে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর কাছে চিঠি দিয়েছে সংবাদকর্মীদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট’ (সিপিজে)। গত বৃহস্পতিবার সিপিজের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সংবাদমাধ্যমের অধিকার নিয়ে কাজ করা এ সংগঠন এক বিবৃতিতে বলেছে, বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় পার্টিকে আলাদা চিঠি পাঠিয়ে তারা এ আহ্বান জানিয়েছে। চিঠিতে সহিংসতা, ভয়ভীতি দেখানো ও ফৌজদারি বা নিরাপত্তা আইনের অপব্যবহার পরিহার করাসহ সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতে দলগুলোকে জনসম্মুখে প্রতিশ্রুতি দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

নির্বাচনের পরও যেন এসব প্রতিশ্রুতির বাস্তবায়ন অব্যাহত থাকে, দলগুলোর কাছে সেই দাবিও তুলে ধরেছে সিপিজে।

নিজেদের গবেষণার বরাতে সিপিজে বলেছে, নির্বাচন সামনে রেখে সাংবাদিকদের নিরাপত্তা ঝুঁকি বেড়ে গেছে। এর মধ্যে গণমাধ্যম প্রতিষ্ঠানে হামলা এবং রাজনৈতিক পক্ষপাতিত্বের কথা বলে হুমকি ও হয়রানির মতো ঝুঁকি রয়েছে। সিপিজে বলেছে, রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে আটক পাঁচজন সাংবাদিক এখন কারাবন্দি রয়েছেন। এ ছাড়া সাংবাদিকদের উপর সহিংসতাকারীদের দায়মুক্তি দেওয়া হচ্ছে এবং গণমাধ্যম সংস্কারে বাস্তব ও অর্থবহ অগ্রগতির অভাব রয়েছে। এসব কিছু মিলে দেশে ভয় ও সেল্ফ সেন্সরশিপের একটি পরিবেশ তৈরি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত