ভোলায় ইসি সানাউল্লাহ

ইসি ভয়ানক কঠিন হবে, ভোট দিয়েই জিততে হবে

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৯ এএম

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, এবারের নির্বাচন কমিশন হবে ভয়ানক কঠিন। ভয়ভীতি, ত্রাস, মব কোনো কিছুতেই থামাতে পারবে না। ভোট দিয়েই জিততে হবে, দুই নম্বরি কোনো পদ্ধতি নেই জেতার। সবাইকে নিরপেক্ষ থাকতে হবে। গতকাল শনিবার সকালে ভোলার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।

নিরপেক্ষতার বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজ পর্যন্ত কোনো নির্দেশনা দেওয়া হয়নি যেটা পক্ষপাতমূলক। ভবিষ্যতেও দেওয়া হবে না। নির্বাচন অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত কোনো ব্যক্তি যদি তার পছন্দের অপছন্দের ঊর্ধ্বে উঠতে না পারে এবং নিরপেক্ষতা হারান তার বিষয়ে নির্বাচন কমিশন ভয়ানক কঠিন হবে। দৃঢ়তার সঙ্গে কাজ করার কথা বলে নির্বাচন কমিশনার আরও বলেন, দৃঢ়তার সঙ্গে কাজ করতে হবে। ভয়ভীতি ত্রাস, মব এসব কিছু যেন আমাদের কাজ থেকে দূরে রাখতে না পারে।

আবুল ফজল মো. সানাউল্লাহ আরও বলেছেন, এবারের নির্বাচনটা একটু অনন্য। এ নির্বাচনটা নিয়ম রক্ষা বা গতানুগতিক নির্বাচন নয়। যে কারণে সবাইকে এর গুরুত্ব উপলব্ধি করতে হবে। এবারের নির্বাচনে ভোট দিয়েই জিততে হবে, দুই নম্বরি কোনো পদ্ধতি নেই জেতার। সুতরাং কোনো অবৈধ প্রভাব ভোটকেন্দ্রের বাইরে ঘটবে না এটা ভাবার কোনো কারণ নেই।

নির্বাচন কমিশনার বলেন, অন্য যেকোনো সময়ের চেয়ে এবারের নির্বাচনে রাজনৈতিক দলগুলো ও প্রার্থীরা আচরণবিধি প্রতিপালনের বিষয়ে অনেক বেশি সচেতন। যে জন্য তাদের আমরা সাধুবাদ জানাই। কিন্তু এ কথাও সত্য এটা সম্ভব হয়েছে নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঠিক নজরদারির কারণে।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক ডা. শামীম রহমান ও পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত