কুবি ভর্তি পরীক্ষায় প্রশ্নোত্তর বলে দিচ্ছিলেন পরীক্ষক!

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩০ এএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষায় এক পরীক্ষকের বিরুদ্ধে দুই পরীক্ষার্থীকে প্রশ্নোত্তর বলে দেওয়ার অভিযোগ তোলেছেন ওই হলের এক শিক্ষার্থী। অভিযুক্ত পরীক্ষক ওহিদুর রহমান কুমিল্লা নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রভাষক। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ২০৯ নম্বর কক্ষে পরীক্ষকের দায়িত্বে ছিলেন।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল শনিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন দুই পরীক্ষার্থীকে একাধিকবার প্রশ্নোত্তর বলে দিচ্ছিলেন ওহিদুর রহমান। এ সময় অভিযোগকারী শিক্ষার্থী ওই পরীক্ষককে প্রশ্ন না বলে দেওয়ার অনুরোধ জানালে তাকে ভয়ভীতি দেখানো হয় । একপর্যায়ে নিকাব খুলে মুখমণ্ডল দেখাতে বলেন।

অভিযোগকারী শিক্ষার্থী বলেন, ‘পরীক্ষা শুরুর ৫০ মিনিট পর আমার বাম পাশে থাকা দুই শিক্ষার্থীকে প্রশ্নোত্তর বলে দিচ্ছিলেন ওই শিক্ষক (ওহিদুর)। এ সময় আপত্তি জানালে তিনি আমার মুখ দেখাতে বলেন যা বিব্রতকর ছিল। এ বিষয়ে বাড়াবাড়ি করলে আমার সমস্যা হবে বলে ভয়ভীতি দেখান প্রদর্শন করেন।’

তবে শিক্ষক ওহিদুর রহমান অভিযোগটিকে মিথ্যা দাবি করে বলেন, তিনি কারও সঙ্গে কথা বলেননি। শুধু পরীক্ষার সময় কত ঘণ্টা তা বলেছেন।

এদিকে একই কক্ষে থাকা আরেক পরীক্ষক মো. আলাউদ্দিন বলেন, ‘আমি ওই শিক্ষককে (ওহিদুর রহমান) পরীক্ষার ৫০মিনিট পর দুই মিনিটের মতো দুজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে দেখেছি।’

কী কথা হয়েছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি সামনে ছিলাম তাদের মধ্যে কি কথা হয়েছে সেটা বলতে পারছি না।’

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এ ধরনের আমরা একটি অভিযোগ পেয়েছি। ইউনিটপ্রধানকে অভিযোগটি মার্ক করে পাঠিয়েছে। প্রতিবেদনের আলোকে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বি ইউনিটের ভর্তি পরীক্ষার আহ্বায়ক অধ্যাপক ড. বনানী বিশ্বাস বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। আমরা কেন্দ্রীয় কমিটি বসে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত