নির্বাচনকালে যদি কেউ ইন্টারনেট বন্ধ করে, তাহলে তাকে আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল আজ রবিবার দুপুর ১২টায় নগরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, আপনাদের মুখ একেবারে খোলা। আপনারা যদি সত্য তথ্য প্রকাশ করতে না পারেন, জনগণ সঠিক তথ্য পাবে না। তাই আমরা চাই, সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করুক, সত্য কথা বলুক।
তিনি বলেন, আগে কিন্তু এই সুযোগটা ছিল না। তখন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রিত ছিল। এখন যে হারে আপনারা প্রশ্ন করতে পারেন, এভাবে আগে পারেননি। ফেসবুকের ভেতরে যেসব মিথ্যা সংবাদ ছড়ায়, সেগুলো বন্ধ করার দায়িত্ব শুধু সরকারের না, আপনাদেরও দায়িত্ব আছে।
নির্বাচনকালে সহিংসতা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এগুলো হচ্ছে অনেকটা নিজেদের দলের ভেতরেই। এ ক্ষেত্রে রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন হতে হবে।
এর আগে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশসহ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
