ফের বাড়ল দাম

১২ কেজির এলপিজি সিলিন্ডার এখন ১৩৫৬ টাকা

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৯ এএম

ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আরেক দফা বাড়ানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৫৬ টাকা। একই হারে বেড়েছে অন্যান্য ওজনের সিলিন্ডার ও গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দাম।

এর আগে গত মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম আগের মতোই ৮২৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। যদিও সারা দেশে চাহিদার তুলনায় মাত্র দেড় শতাংশের মতো সরবরাহ করার সক্ষমতা রয়েছে সরকারি কোম্পানির।

গতকাল সোমবার নতুন দর ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ।

ঘোষিত দর অনুযায়ী, সাড়ে ৫ কেজি সিলিন্ডারের দাম ৬২২ টাকা, সাড়ে ১২ কেজির দাম ১ হাজার ৪১৩ টাকা, ১৫ কেজির দাম ১ হাজার ৬৯৬ টাকা এবং ৩৩ কেজি সিলিন্ডারের দাম ৩ হাজার ৭৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। একই হারে বাড়ানো হয়েছে ১৬, ১৮, ২০, ২২, ২৫, ৩০, ৩৫ ও ৪৫ কেজি সিলিন্ডারের দাম।

এ ছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১০৯ দশমিক ২৯ টাকা এবং গ্যাসীয় অবস্থায় প্রতি ঘনমিটার ২৪২ দশমিক ৮০ টাকা।

পাশাপাশি অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য ভোক্তাপর্যায়ে মূসকসহ অটোগ্যাসের দাম প্রতি লিটার ২ টাকা ৩৪ পয়সা বাড়িয়ে ৬২ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়েছে। জানুয়ারিতে এ দাম ছিল প্রতি লিটার ৫৯ টাকা ৮০ পয়সা।

তবে বাজারে নির্ধারিত দামে এলপিজি বিক্রি না হওয়ার অভিযোগ আছে। এলপিজির ১২ কেজি সিলিন্ডার সবচেয়ে বেশি গৃহস্থালির কাজে ব্যবহৃত হয়।

গত বছর এক সেমিনারে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, এলপিজি সিলিন্ডারের দাম হওয়া উচিত ১ হাজার টাকা। এলপিজির দাম কমানোটা চ্যালেঞ্জ, এজন্য ব্যবসায়ীদের দায়িত্ব নিতে হবে, বেশি মুনাফা করে টাকা পাচারের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে।

এলপিজি মূলত প্রোপেন ও বিউটেনের একটি মিশ্রিত অনুপাত। এই দুটিই আমদানি করা হয়। সৌদি আরামকোর ঘোষিত মূল্য (সৌদি সিপি) ধরে ২০২১ সালের এপ্রিল থেকে প্রতি মাসে দেশে এলপি গ্যাসের দাম ঠিক করে আসছে বিইআরসি। দাম নির্ধারণে ডলারের মূল্যও একটি ভূমিকা রাখে।

এক যুগেরও বেশি সময় ধরে বাসাবাড়িতে পাইপলাইনে নতুন গ্যাস সংযোগ বন্ধ থাকার পাশাপাশি বিভিন্ন এলাকায় গ্যাস সংকটের কারণে গৃহস্থালি রান্নার পাশাপাশি রেস্তোরাঁ, পরিবহন, ছোট-বড় শিল্পকারখানায়ও এলপিজি ব্যবহার বাড়ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত