আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৮ এএম

ধারাবাহিকভাবেই ডলার কেনা অব্যাহত রেখেছে বাংলাদেশ ব্যাংক। এই ধারাবাহিকতায় দেশের ১৬ বাণিজ্যিক ব্যাংক থেকে ১৭ কোটি ১০ লাখ (১৭১ মিলিয়ন) মার্কিন ডলার কিনেছে ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক সংস্থাটি। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ ব্যাংক জানায়, প্রতি ডলায় কেনায় খরচ পড়েছে বাংলাদেশি মুদ্রায় ১২২ টাকা ৩০ পয়সা। এর আগে গত সোমবার ১৬ বাণিজ্যিক ব্যাংক থেকে অতিরিক্ত আরও ২১ কোটি ৮৫ লাখ (২১৮.৫০ মিলিয়ন) ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এসব ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা।

এর ফলে চলতি ফেব্রুয়ারি মাসে ৩৮৯ দশমিক ৫০ মিলিয়ন বা ৩৮ কোটি ৯৫ লাখ ডলার ক্রয় করেছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে মোট ডলার কেনার পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৩২৩ মিলিয়ন।

এর আগে, একই দরে গত বৃহস্পতিবার পাঁচ বাণিজ্যিক ব্যাংক থেকে অতিরিক্ত ৫ কোটি ৫০ লাখ (৫৫ মিলিয়ন) ডলার কিনেছিল কেন্দ্রীয় ব্যাংক। গত ২০ জানুয়ারি দুই বাণিজ্যিক ব্যাংক থেকে ৪ কোটি ৫০ লাখ ডলার, ১২ জানুয়ারি ১০ বাণিজ্যিক ব্যাংক থেকে অতিরিক্ত ৮ কোটি ১০ লাখ ডলার, ৬ জানুয়ারি ১৪টি ব্যাংক থেকে ২২ কোটি ৩৫ লাখ ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক। এসব ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১২২ টাকা ৩০ পয়সা কাট-অফ রেটে ১৭ কোটি ১০ লাখ ডলার কেনা হয়। এর ফলে ফেব্রুয়ারি মাসে মোট ক্রয়ের পরিমাণ দাঁড়াল ৩৮৯ দশমিক ৫০ মিলিয়ন ডলার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত