চরমোনাই পীর বললেন

‘ভুল’ নেতা ও নীতিকে ভোট দেওয়ায় অস্থিরতা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩২ এএম

‘ভুল’ নেতা ও নীতিকে ভোট দেওয়ায় ৫৪ বছরে দেশে অস্থিরতা বেড়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। তিনি বলেছেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও কাক্সিক্ষত সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি, বরং দেশে অস্থিরতা বেড়েছে। অতীতে যারা ক্ষমতায় ছিলেন, তারা এর দায় এড়াতে পারেন না। এমনকি ভুল নীতি ও নেতাকে ভোট দেওয়ার মাধ্যমে এর দায় সাধারণ মানুষের ওপরও বর্তায়। ভুল নীতি ও নেতার কারণে দেশকে কাক্সিক্ষত পর্যায়ে নেওয়া যায়নি।

গতকাল রবিবার বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

ইসলামী আন্দোলন ৫৪ বছরের সেই ভুল থেকে বেরিয়ে দেশকে সমৃদ্ধশালী করতে চায় উল্লেখ করে চরমোনাই পীর বলেন, এতে সাধারণ জনগণের ভোটই হবে একমাত্র সহায়ক। তার বক্তব্যে তিনি ৩০ দফা ইশতেহারের মধ্যে রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক ও আইনি বিভিন্ন কৌশলে দুর্নীতি রোধ করার ঘোষণা দেন।

বাংলাদেশের প্রধান সমস্যা হিসেবে দুর্নীতিকে চিহ্নিত করে সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে দুর্নীতির মাত্রা শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে। আর্থিক খাতে সচ্ছতা জোরদার করা হবে। রাজনৈতিক নেতৃত্ব ও প্রভাবশালী ব্যক্তিদের দুর্নীতির ক্ষেত্রে দৃষ্টান্তমূলক প্রকাশ্যে শাস্তি নিশ্চিত করা হবে।

বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির রাষ্ট্র গঠনে নীতিগত পরিকল্পনা, রাষ্ট্র সংস্কারে কর্মপদ্ধতি, বিশেষ কর্মসূচি ও খাতওয়ারি পরিকল্পনা তুলে ধরেন। এ ছাড়া ভোট প্রদানে ইসলামের নীতি ও অবস্থান তুলে ধরেন তিনি। আগামীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনায় ইসলামের মূলনীতিকে প্রাধান্য দেবে বলে মন্তব্য করেন সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত