গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৮ এএম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, 'বাংলাদেশ গণতন্ত্রের যে ট্রেনে উঠেছে, সেটি গন্তব্যে পৌঁছাবে।' বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেন হাইস্কুলের ভোটকেন্দ্রে ভোট দিতে এসে তিনি এই মন্তব্য করেন।

সিইসি আরও বলেন, 'গতকাল আমি দেশের বিভিন্ন জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে আলোচনা করেছি। তাদেরকে জানিয়েছি, তারা যেন কোন দলের পক্ষ না নিয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন। শুধু নিজে নিরপেক্ষ থাকলেই হবে না, আশপাশের সবাইকেও নিরপেক্ষ থাকতে হবে।'

তিনি বলেন, 'আমি মনে করি, এই জাতির ক্রান্তিলগ্নে আমি কিছু অবদান রাখতে চাই। আমি সেই চেষ্টাই করছি।'

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও এবং এআই জেনারেটেড ছবি নিয়ে কথা বলতে গিয়ে সিইসি জানান, "এটা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এসব ছবি ও ভিডিও অনেকসময় সীমান্তের ওপার থেকে আসে। তবে আমরা মেইনস্ট্রিম মিডিয়ার ওপর ভরসা করি এবং আশা করি জনগণও সঠিক তথ্য যাচাই করে শেয়ার করবে।"

ঢাকা-৮ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ জন এবং নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন।

আজ সকাল সাড়ে ৭টা থেকে দেশব্যাপী শুরু হওয়া এই ঐতিহাসিক নির্বাচনটি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে একটি নতুন রেকর্ড গড়তে যাচ্ছে। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক দল ও প্রতীক নিয়ে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি, জামায়াতে ইসলামি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীসহ ২০২৮ জন প্রার্থী এবারের নির্বাচনে লড়াই করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত