বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘কান ফিল্ম ফেস্টিভ্যাল’। এ উৎসব কেবল গ্ল্যামার বা তারকাদের সমাবেশ নয়; বরং সময়, সমাজ, রাজনীতি ও মানবতার বহুমাত্রিক গল্প বলার একটি বৈশ্বিক সাংস্কৃতিক মঞ্চ। ২০২৫ সালের উৎসবে পুরস্কারপ্রাপ্ত ও আলোচিত চলচ্চিত্রগুলোর বিষয়বস্তু বিশ্লেষণ করলে স্পষ্টভাবে দেখা যায় সমকালীন বিশ্ব সংকট, ব্যক্তিস্বাধীনতা, সামাজিক বৈষম্য, যুদ্ধ-পরবর্তী বাস্তবতা এবং মানবিক টানাপড়েনই ছিল চলচ্চিত্রগুলোর কেন্দ্রীয় আলোচ্য।
প্রতিবছর মে মাসে ফ্রান্সের কানে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়। ২০২৫ সালের ৭৮তম উৎসবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক চলচ্চিত্র জমা পড়ে, যার মধ্য থেকে যাচাই-বাছাই শেষে মূল প্রতিযোগিতা ও বিভিন্ন বিভাগে নির্বাচিত হয় সীমিতসংখ্যক চলচ্চিত্র। নির্বাচিত এসব চলচ্চিত্রে বিশ্ব সমাজের বহুমাত্রিক বাস্তবতা নান্দনিকভাবে উপস্থাপিত হয়েছে।
কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত চলচ্চিত্রগুলো মূলত দৈনন্দিন জীবন, মানবিক সম্পর্ক, পরিবার, মা-সন্তান সম্পর্ক ও অতীতের স্মৃতি, নারীর সামাজিক ও পারিবারিক অবস্থান, যুদ্ধ, রাজনৈতিক, সামাজিক ও নৈতিক দ্বন্দ্ব, মানসিক শক্তি, আশা এবং সাধারণ মানুষের সংগ্রাম সংক্ষিপ্ত রূপ সংবেদনশীলভাবে তুলে ধরেছে। ফলে বলা যায় আন্তর্জাতিক চলচ্চিত্র আজ কেবল শিল্প নয়, সময়ের দলিল। আর সেই দলিলের অন্যতম প্রধান মঞ্চ কান চলচ্চিত্র উৎসব। কান উৎসবের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের উৎসবের সর্বোচ্চ সম্মাননা পাম ড’অর অর্জন করে ইরানি নির্মাতা জাফার পানাহির চলচ্চিত্র আন সিম্পল অ্যাক্সিডেন্ট। চলচ্চিত্রটিতে ব্যক্তিগত ঘটনার ভেতর দিয়ে বৃহত্তর সামাজিক নিয়ন্ত্রণ, মানবিক সংকট এবং দৈনন্দিন জীবনের জটিল সম্পর্কের চিত্র তুলে ধরা হয়েছে। ছোট একটি ঘটনার মধ্য দিয়ে মানুষের জীবন, রাষ্ট্রীয় কাঠামো এবং সামাজিক বাস্তবতার গভীর দিকগুলো নির্মাতা সংবেদনশীলভাবে উপস্থাপন করেছেন।
উৎসবের অন্যতম সম্মাননা ‘গ্র্যান্ড প্রি’ পুরস্কার লাভ করে নরওয়ের চলচ্চিত্র সেন্টিমেন্টাল ভ্যালু। সিনেমাটিতে নরওয়ের মানুষের পারিবারিক সম্পর্ক, অতীতের স্মৃতি, আবেগ এবং সামাজিক প্রভাবের আন্তঃসম্পর্ক তুলে ধরা হয়েছে। ব্যক্তিগত গল্প কীভাবে বৃহত্তর সমাজের প্রতিফলন হয়ে উঠতে পারে এই দৃষ্টিভঙ্গিই চলচ্চিত্রটির মূল শক্তি।
উৎসবে ‘জয়েন্ট জুরি প্রাইজ’ অর্জন করে ফ্রান্স ও স্পেনের সিনেমা ‘সিরাত’ এবং জার্মানির সিনেমা ‘সাউন্ড অফ ফিলিং’ সিরাত চলচ্চিত্রে মানুষের পরিচয় সংকট, বিশ্বাস, মানসিক ভাঙন, অস্তিত্ব এবং আধুনিক সমাজের নিঃসঙ্গতার সংক্রান্ত ইউরোপীয় সামাজিক বাস্তবতার বিষয়গুলো প্রতীকী ভাষায় তুলে ধরা হয়েছে। আর সাউন্ড অব ফিলিং চলচ্চিত্রে ইউরোপীয় আধুনিক সমাজে মানুষের মানসিক ভাঙন, একাকিত্ব, আবেগগত বিচ্ছিন্নতা, স্মৃতি ও ব্যক্তিগত সংকটকে সংবেদনশীলভাবে তুলে ধরা হয়েছে। এগুলো কেবল কাহিনি নয়, বরং সমকালীন মানবজীবনের মানসিক ও সামাজিক বাস্তবতার শিল্পিত উপস্থাপন।
রাজনৈতিক বাস্তবতা ও ক্ষমতার কাঠামোগত থিমে নির্মিত ব্রাজিলের চলচ্চিত্র দ্য সিক্রেট এজেন্ট সেরা পরিচালক ও সেরা অভিনেতার স্বীকৃতি অর্জন করে। এই সিনেমায় ব্রাজিলের রাজনৈতিক পরিবেশ, রাষ্ট্রীয় নজরদারি এবং ক্ষমতার কাঠামোর প্রভাবকে গভীরভাবে তুলে ধরা হয়েছে। চলচ্চিত্রটি সমকালীন রাষ্ট্র-সমাজ সম্পর্কের এক বাস্তবধর্মী প্রতিচ্ছবি হিসেবে বিবেচিত হয়।
