নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদ চত্বরের ভিতর একটি উঁচু মেহগনি গাছ থেকে ঈগল পাখি উদ্ধার করা হয়েছে।
পাখিটি উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবের সামনে একটি মেহগনি গাছের ডালে ঝুলছিল।
গাছে ঝুলে থাকা পাখিটি উপজেলা পরিষদের আনসার সদস্য আব্দুল্লাহ আল মামুনের নজরে এলে তিনি উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতকে বিষয়টি অবহিত করেন।
পরে নির্বাহী কর্মকর্তা দ্রুত এটিকে উদ্ধারের উদ্যোগ নেন।
স্থানীয়রা জানান, তিনদিন আগে পরিষদের অফিসার্স ক্লাব এর সামনে উঁচু মেহগনি গাছে আটকে থাকা ঘুড়ির সূতায় প্যাঁচিয়ে একটি ঈগল পাখি ঝুলতে থাকে। গাছটি বেশ উঁচু হওয়ার কারণে পাখিটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে বিষয়টি উপজেলা পরিষদের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য মামুনের দৃষ্টিতে আসলে তিনি নির্বাহী অফিসারকে বিষয়টি জানান ।
উপজেলা নির্বাহী অফিসার পাখিটিকে তাৎক্ষণিকভাবে উদ্ধারের জন্য সোনারগাঁও ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎকে খবর দেন। পরে সোনারগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহিদ চৌধুরীর নেতৃত্বে ৫ সদস্যের একটি দল প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে ঈগল পাখিটিকে উঁচু গাছের ডাল থেকে উদ্ধার করেন।
এ ব্যাপারে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত জানান, উপজেলা পরিষদ চত্বরের অভ্যন্তরে একটি উঁচু গাছে ঈগল পাখি আটকে থাকার খবর পেয়ে এটি দ্রুত উদ্ধারের উদ্যোগ গ্রহণ করি। পাখিটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে দীর্ঘ সময় আটকে থাকার কারণে অত্যন্ত দুর্বল।
তাই উপজেলা প্রাণীসম্পদ হাসপাতালে পাখিটিকে পাঠানো করা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর পাখিটিকে অবমুক্ত করে দেওয়া হবে।
নারী শিক্ষার্থীকে সাইবার বুলিং, জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার 