সামাজিক ও অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় জাকাত

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ১২:১৫ এএম

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যেখানে ইবাদত ও সামাজিক ন্যায়বিচার পরস্পরের পরিপূরক। নামাজ, রোজা ও হজের পাশাপাশি জাকাত ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি। জাকাত শুধু একটি আর্থিক ইবাদত নয়, বরং এটি আত্মশুদ্ধি, সামাজিক ভারসাম্য ও অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠার এক অনন্য বিধান। কোরআন ও হাদিসে জাকাতের গুরুত্ব ও ফজিলত এত স্পষ্টভাবে বর্ণিত হয়েছে যে, এটি ইসলামী সমাজব্যবস্থার মেরুদণ্ড হিসেবে বিবেচিত।

কোরআনের আলোকে জাকাত : কোরআনে কারিমের বহু স্থানে নামাজের সঙ্গে জাকাতের কথা একসঙ্গে উল্লেখ করা হয়েছে। আল্লাহ বলেন, ‘আর তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত প্রদান করো।’ (সুরা বাকারা ৪৩) নামাজ ও জাকাতকে পাশাপাশি উল্লেখ করা থেকে বোঝা যায়, ইসলামে ইবাদত ও সামাজিক দায়িত্ব আলাদা নয়। নামাজ বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক দৃঢ় করে আর জাকাত মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক সুন্দর করে।

আরেক আয়াতে আল্লাহ বলেন, ‘তাদের সম্পদ থেকে সদকা গ্রহণ করো, যা দ্বারা তুমি তাদের পবিত্র ও পরিশুদ্ধ করবে।’ (সুরা তাওবা ১০৩) এই আয়াত প্রমাণ করে, জাকাত মানুষের অন্তরকে কৃপণতা, লোভ ও স্বার্থপরতা থেকে পবিত্র করে।

জাকাত ফরজ হওয়ার গুরুত্ব : জাকাত ফরজ হওয়ার বিষয়টি কোরআন ও সুন্নাহ দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত। যারা জাকাত অস্বীকার করে, তাদের ব্যাপারে কোরআনে কঠোর সতর্কবার্তা এসেছে। মহান আল্লাহ বলেন, ‘আর যারা স্বর্ণ ও রৌপ্য সঞ্চয় করে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দাও।’ (সুরা তাওবা ৩৪) এ আয়াত জাকাত পরিত্যাগের ভয়াবহ পরিণতি তুলে ধরে।

হাদিসের আলোকে জাকাত : ইসলামের ভিত্তি সম্পর্কে মুহাম্মদ (সা.) বলেছেন, ‘ইসলাম পাঁচটি স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত, এ সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ (সা.) আল্লাহর রাসুল, নামাজ কায়েম করা, জাকাত আদায় করা, রমজানের রোজা রাখা ও হজ পালন করা।’ (সহিহ বুখারি) এই হাদিসে জাকাতকে ইসলামের মৌলিক স্তম্ভ হিসেবে ঘোষণা করা হয়েছে।

জাকাত ও আত্মশুদ্ধি : জাকাত মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে। সম্পদের প্রতি অতিরিক্ত মোহ মানুষের অন্তর কঠিন করে তোলে। জাকাত সেই মোহ ভেঙে দেয় এবং দানশীলতা, সহানুভূতি ও কৃতজ্ঞতার গুণ তৈরি করে। একজন জাকাতদাতা উপলব্ধি করে, সব সম্পদের প্রকৃত মালিক আল্লাহ, মানুষ কেবল আমানতদার।

জাকাত ও সামাজিক ন্যায়বিচার : ইসলামে দারিদ্র্য দূরীকরণে জাকাত একটি শক্তিশালী ব্যবস্থা। জাকাতের মাধ্যমে দরিদ্র, অসহায়, ঋণগ্রস্ত ও সমাজের পিছিয়ে পড়া মানুষ আর্থিক সহায়তা পায়। কোরআনে জাকাতের প্রাপকদের তালিকা উল্লেখ করে আল্লাহ বলেন, ‘জাকাত তো নির্ধারিত দরিদ্র, অভাবগ্রস্ত, জাকাত আদায়ে নিয়োজিত কর্মচারী, যাদের অন্তর আকৃষ্ট করা হয়, দাস মুক্তিতে, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে এবং মুসাফিরদের জন্য।’ (সুরা তাওবা ৬০) এই আয়াত প্রমাণ করে, জাকাত একটি সুপরিকল্পিত সামাজিক কল্যাণব্যবস্থা।

জাকাত ও সম্পদের বরকত : অনেকে মনে করে, জাকাত দিলে সম্পদ কমে যায়। কিন্তু ইসলাম বলে, জাকাত দিলে সম্পদ কমে না, বরং বাড়ে। হাদিসে এসেছে, ‘সদকা দিলে সম্পদ কখনো কমে না।’ (সহিহ মুসলিম) জাকাতের মাধ্যমে আল্লাহ সম্পদে দৃশ্যমান ও অদৃশ্য বরকত দান করেন।

জাকাত অবহেলার পরিণতি : যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও জাকাত আদায় করে না, সে কঠিন গুনাহে লিপ্ত হয়। হাদিসে এসেছে, কেয়ামতের দিন জাকাত না দেওয়া সম্পদ সাপের রূপ ধারণ করে মালিককে শাস্তি দেবে। এটি জাকাত অবহেলার ভয়াবহ পরিণতির স্পষ্ট চিত্র।

লেখক : মুহতামিম, জহিরুল উলুম মহিলা মাদ্রাসা, গাজীপুর

×
সর্বশেষ সর্বাধিক পঠিত