শ্রীমঙ্গলে তেল ডিপোতে বিজিবির কড়া নজরদারি

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০৩:১১ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রেক্ষাপটে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিনটি প্রধান তেলের ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রবিবার (২৯ মার্চ) দুপুরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শ্রীমঙ্গল উপজেলার পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপোতে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তা দায়িত্ব পালন করছেন। বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেল বিপণনে শৃঙ্খলা বজায় রাখা ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ডিপোগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে। প্রতিটি ডিপোতে একটি করে সেকশন মোতায়েন রেখে নিয়মিত তদারকি ও কার্যকর নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

তিনি আরও জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ১১৫ কিলোমিটার সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত টহল বৃদ্ধি, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন এবং আমদানি-রপ্তানিতে ব্যবহৃত যানবাহনের ওপর বিশেষ নজরদারি চালানো হচ্ছে, যাতে তেল পাচার রোধ করা যায়।

এ সময় তিনি গুজবে বিভ্রান্ত না হয়ে যেকোনও সন্দেহজনক তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত