ফরিদপুরে আগুনে পুড়ে কিশোরের মৃত্যু

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০৩:৩০ পিএম

ফরিদপুর সদরে বসতঘরে আগুনে পুড়ে তামিম মিয়া (১৬) নামে এক কিশোরের মৃত্যুকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাত ১১টার দিকে সদর উপজেলার বাখুন্ডা গ্রামে এ। নিহত তামিম মিয়া প্রবাসী রফিক মিয়ার ছেলে। এ ঘটনাটি নিছক দুর্ঘটনা, নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, এ নিয়ে গ্রামে চলছে নানা ধরনের আলোচনা সমালোচনা। স্থানীয়দের দাবি, দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের আইনের আওতায় আনা হোক।

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তামিম তার পরিবারের সঙ্গে পাশের এক আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠানে গিয়েছিল। পরে রাতের দিকে সে একাই বাড়িতে ফিরে ঘুমিয়ে পড়ে। রাতের কোনও এক সময় হঠাৎ ঘরের ভেতরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় সে চিৎকার করে বের হওয়ার চেষ্টা করলে দরজা বাইরে থেকে বন্ধ পায় বলে পরিবারের দাবি। পরে প্রতিবেশীরা দরজা ভেঙে তাকে উদ্ধার করে গুরুতর দগ্ধ অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা রফিক মিয়া অভিযোগ করে বলেন, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে আমার ছেলেকে পরিকল্পিতভাবে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনটি ঘরে আগুন জ্বলতে দেখা যায়। আগুনে রফিক মিয়া ও শওকত মিয়ার তিনটি বসতঘর পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় এক ঘণ্টা সময় লাগে। তবে তদন্ত করে পরবর্তীতে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানা যাবে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আগুন লাগার কারণ এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ থানায় জমা দেয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত