বাংলাদেশ এগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) নতুন কমিটির দায়িত্ব গ্রহণ করেছেন। এই কমিটিতে লালতীর সিড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আনাম সভাপতি, বোয়ালখালী এগ্রো বেইজড ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা অংশীদার ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছান সাধারণ সম্পাদক এবং প্রাণ অ্যাগ্রো লিমিটেডের পরিচালক উজমা চৌধুরী সিনিয়র সহসভাপতি ও প্যারাগন অ্যাগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সবগুলো পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোটগ্রহণ ছাড়াই বর্তমান কমিটির সদস্যরা নির্বাচিত হয়েছেন।
গতকাল সোমবার বাপার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৫ বিধি ২৪(১)-এর বিধান অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের পর বৈধ প্রার্থীর সংখ্যা নির্বাচনযোগ্য পদের সমান হওয়ায় সবাইকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এই কমিটি ধানম-ির বাপা কার্যালয়ের সম্মেলন কক্ষে সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছেন। তবে দায়িত্ব গ্রহণের সময় নতুন সভাপতি উপস্থিত ছিলেন না। বাপার প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জান্নাতুল ফেরদৌস নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
বাণিজ্য মন্ত্রণালয় গত বছরের ৩ ডিসেম্বর যুগ্ম সচিব জান্নাতুল ফেরদৌসকে বাপার নির্বাচনকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে অফিস আদেশ জারি করে। পরে গত ৮ জানুয়ারি বাণিজ্য সংগঠন বিধিমালা অনুযায়ী নির্বাচন বোর্ড নির্বাচনী তফসিল ঘোষণা করে। এতে ১১ এপ্রিল ভোটগ্রহণের দিন ধার্য করা হয়। কিন্তু প্রার্থিতা প্রত্যাহারের পর বৈধ প্রার্থীর সংখ্যা নির্বাচনযোগ্য পদের সমান হওয়ায় ১৫ সদস্যের কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। সে অনুযায়ী গত ১৫ মার্চ নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির অন্যদের মধ্যে কোষাধ্যক্ষ হিসেবে আহমেদ ফুড প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ আহমেদ, কার্যনির্বাহী সদস্য হিসেবে লালমাই ফুডের পরিচালক এনায়েত রশিদ, মেরিডিয়ান ফুডসের চেয়ারম্যান কোহিনুর কামাল, কিশোয়ান স্ন্যাকসের পরিচালক মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, মাজেস্টিক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বাবুল সারেং, থাই ফুড প্রোডাক্টসের স্বত্বাধিকারী মাইকেল দে, স্টার লাইন ফুড প্রোডাক্টসের পরিচালক মো. মাঈন উদ্দিন, ফাহমিদা কনজ্যুমার প্রোডাক্টসের স্বত্বাধিকারী মোহাম্মদ আল এমরান, হাবিব ফুড প্রোডাক্টসের স্বত্বাধিকারী মো. লাভলু হোসেন, নিড এগ্রো ফুডসের স্বত্বাধিকারী মো. মিজানুর রহমান এবং এফএ ফুড প্রোডাক্টসের স্বত্বাধিকারী পাপন রহমান।
