শার্শায় চাঁদা না দেওয়ায় বাড়ির নির্মাণকাজ বন্ধ

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০৭:২৪ এএম

বেনাপোল পোর্ট থানার ভবের বেড় এলাকায় ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছুম হোসেন (৪৫) নামের এক ব্যক্তির বাড়ির নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে সাইফুল বাহিনীর বিরুদ্ধে। গত ১৮ মার্চ হামলা চালিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেয় তারা। এভাবেই সন্ত্রাসী সাইফুল বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দা। এ ঘটনায় ভুক্তভোগী মাছুম হোসেন বাদী হয়ে যশোর আদালতে একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, মাছুম ৬.৩৫ শতাংশ জমি ক্রয় করেন। ১৮ মার্চ সকালে শ্রমিক দিয়ে তার বাড়ির নির্মাণকাজ শুরু করলে সাইফুল ইসলামের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল দেশীয় অস্ত্র লোহার পাইপ, দা ও লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে আসে। তারা শ্রমিকদের অস্ত্রের ভয় দেখিয়ে কাজ বন্ধ করে দেয়। এ সময় মাছুম বাধা দিলে অস্ত্রের ভয় দেখিয়ে তাকে বলে তুই আমাদের অনুমতি ছাড়া বাড়ি করছিস কেন? এখানে বাড়ি করতে হলে ১০ লাখ টাকা দিতে হবে। তা নাহলে তোকে প্রাণে মেরে ফেলব। এ সময় তাদের আক্রমণের মুখে মাছুম চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে সাইফুল ইসলাম, তার ভাই সুজয়ের উল্লাহ ও বিল্লাল হোসেন তাকে ফের হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় ভুক্তভোগী মাছুম বাদী হয়ে ২৯ মার্চ যশোর আদালতে সাইফুল ইসলাম, তার ভাই সুজয়ের উল্লাহ ও বিল্লাল হোসেনের নাম উল্লেখ করে একটি চাঁদাবাজির মামলা করেন। ভুক্তভোগী মাছুম জানান, সন্ত্রাসী সাইফুল বাহিনীর হাত থেকে রক্ষা পেতে আমি প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করছি। চাঁদা চাওয়ার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সাইফুল ইসলামের মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। বেনাপোল পোর্ট থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই মামুন বলেন- পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত