নাটোরের গুরুদাসপুরে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রান্নার গ্যাস বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় পৌর সদর এলাকায় পরিচালিত অভিযানে এই জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ।
প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার ব্যবসায়ী আব্দুল মতিনের দোকানে অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, সরকার নির্ধারিত ১ হাজার ৩৪১ টাকার ১২ কেজি গ্যাস সিলিন্ডার ২ হাজার টাকায় বিক্রি করা হচ্ছিল।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। তিনি বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দামে বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা প্রশাসন জানিয়েছে, বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এবার আমির হামজাকে আইনি নোটিশ