বাংলাদেশি নারীকে পিটিয়ে হত্যা

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০৮:০৩ এএম

লক্ষ্মীপুর জেলার কুশাখালী ইউনিয়নের গোরারবাগ গ্রামের বাসিন্দা ইয়াসমিনকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকারীকে গ্রেপ্তার করেছে সেখানকার পুলিশ। ইয়াসমিনের মর্মান্তিক মৃত্যুতে যুক্তরাষ্ট্রসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া।  গতকাল শুক্রবার দুপুরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা প্রবাসী লক্ষ্মীপুরের কমলনগরের শাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের ভাই কুশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন মানিকও খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা ১৪ মিনিটে ফোর্ট মায়ার্সের একটি কনভিনিয়েন্স স্টোরের সামনে ইয়াসমিনকে পিটিয়ে আহত করা হয়। খবর পেয়ে ফ্লোরিডার জরুরি ফায়ার, মেডিকেল ও উদ্ধার সেবা প্রদানকারী সংস্থা ফোর্ট মায়ার্স ফায়ার ডিপার্টমেন্ট ও লি কাউন্টি ইএমএস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। তারা গুরুতর আহত ইয়াসমিনকে উদ্ধার করে হাসপাতালে নিলে স্থানীয় সময় সকাল ৭টা ২৭ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া হামলার ঘটনার একটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি হাতুড়ি দিয়ে দোকানের বাইরে পার্ক করা একটি কালো গাড়ির সামনের এবং পাশের কাচ ভাঙচুর করে। পরে দোকান থেকে ইয়াসমিন বের হলে ওই ব্যক্তি তার ঘাড়ে আঘাত করে। এতে ইয়াসমিন মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তার মাথায় কয়েকবার আঘাত করে সে ঘটনাস্থল ত্যাগ করে।

ফোর্ট মায়ার্স পুলিশের বরাত দিয়ে শাহিদুল ইসলাম জানান, ঘটনার পর পরই পুলিশ কে-৯ ইউনিট ও শেরিফের এভিয়েশন ইউনিট অভিযান চালায়। নিরাপত্তার স্বার্থে আশপাশের তিনটি স্কুল সাময়িকভাবে লকডাউন করা হয়। প্রথম দিকে সন্দেহভাজন পালিয়ে গেলেও পরে পুলিশ তার পরিচয় শনাক্ত করে। সন্দেহভাজন ব্যক্তি অতীতে সংঘটিত একটি অমীমাংসিত হত্যাকা-ের সঙ্গেও জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয় এবং সন্দেহভাজনকে দেখলে ৯১১-এ ফোন করার আহ্বান জানানো হয়। পরে বিকেলে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। প্রসঙ্গত, শাহিদুল ইসলাম অভিযুক্তের নাম-পরিচয় জানাতে পারেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত