কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ১২:০৯ এএম

ভারতের যে কোনো ‘দুঃসাহসিকতার’ বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। প্রয়োজনে পশ্চিমবঙ্গের কলকাতাও হতে পারে দেশটির লক্ষ্যবস্তু। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটটিন জানিয়েছে, গত শনিবার নিজ শহর শিয়ালকোটে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ হুমকি দেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেন, ভারত যদি এবার কোনো ফলস ফ্ল্যাগ অভিযান চালানোর চেষ্টা করে, তা হলে এর জবাবে আমরা সংঘাত কলকাতা পর্যন্ত নিয়ে যাব। কয়েকদিন আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, ভারতে আবারও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলে পাকিস্তানকে নজিরবিহীন পদক্ষেপের মুখোমুখি হতে হবে। তার এই হুঁশিয়ারির জবাবে আগ্রাসী মন্তব্য খাজা আসিফের।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর এমন হুমকির বিষয়ে ভারত এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি। খাজা আসিফের দাবি ভারত ‘নিজেদের লোক অথবা বন্দি পাকিস্তানিদের’ জড়িয়ে একটি সম্ভাব্য ‘ফলস ফ্ল্যাগ’ অপারেশন পরিচালনা করতে পারে। তিনি বলেছেন, মরদেহ ফেলে রেখে সেটিকে সন্ত্রাসবাদের দায় দেওয়া হতে পারে। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি তিনি। গত সপ্তাহেও ভারতকে ভবিষ্যৎ আগ্রাসনের হুমকি দিয়ে খাজা আসিফ বলেছিলেন দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মধ্যে যুদ্ধের অবকাশ আছে, এমনটা ভাবা অকল্পনীয়। এই মন্ত্রী বলেন, পাকিস্তান শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তবে পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষার সংকল্প নিরঙ্কুশ, প্রস্তুতি পূর্ণাঙ্গ এবং এর প্রতিক্রিয়া হবে দ্রুত, পরিমিত ও চূড়ান্ত।

এর আগে গত বৃহস্পতিবার নির্বাচনী রাজ্য কেরালায় এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় রাজনাথ সিং সতর্ক করে দিয়ে বলেছিলেন, বর্তমান পরিস্থিতিতে প্রতিবেশী দেশ পাকিস্তানের পক্ষ থেকে যে কোনো ‘দুঃসাহসিকতা’ নজিরবিহীন ও চূড়ান্ত পদক্ষেপের দিকে নিয়ে যাবে। তিনি বলেন, ২০২৫ সালের এপ্রিলে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে সন্ত্রাসীদের আস্তানা ও অবকাঠামো ধ্বংস করে দিয়েছিল ভারত। তিনি বলেন, ‘অপারেশন সিঁদুর’ চলাকালীন ভারতীয় বাহিনী ২২ মিনিটের মধ্যে পাকিস্তানকে নতজানু করে ফেলেছিল এবং এটি ছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে এযাবৎকালের বৃহত্তম অভিযান। সে সময় রাজনাথ বলেন, আমি আপনাদের বলতে চাই অভিযানটি এখনো শেষ হয়নি। পাকিস্তানের পক্ষ থেকে যদি এমন হীন কর্মকাণ্ডের পুনরাবৃত্তি ঘটে, তা হলে আমাদের সশস্ত্র বাহিনী সমুচিত জবাব দেবে; যা তারা কখনো ভুলবে না। এবার যা ঘটবে তা হবে এক নজিরবিহীন পদক্ষেপ।

‘অপারেশন সিঁদুর’ চলাকালীন ভারতীয় সামরিক বাহিনী পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ভেতরে অন্তত ৯টি সন্ত্রাসী আস্তানা ধ্বংস এবং দেশটির কয়েকটি প্রধান সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত