চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর এলাকায় ব্রিকফিল্ডে মাটি কাটার ফলে সৃষ্ট গভীর গর্তে জমে থাকা পানিতে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রবিবার উপজেলার ভূজপুর থানাধীন হারুয়ালছড়ি ইউনিয়নের পূর্ব ফটিকছড়ি গ্রামের দত্তপাড়া এলাকার পশ্চিম পাশে করিম বাপের বাড়ির নিকটবর্তী একটি ব্রিকফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিকফিল্ডে মাটি কাটার ফলে প্রায় ২০ ফুট গভীর গর্ত সৃষ্টি হয়, যেখানে পানি জমে ছিল। খেলতে গিয়ে অসাবধানতাবশত ওই গর্তে পড়ে যায় দুই শিশু। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে, তবে ততক্ষণে শিশুদের মৃত্যু হয়েছে। তারা হলো, ওই এলাকার হাবিবুর রহমানের মেয়ে সাকি আক্তার (৯) এবং একই বাড়ির জাকির হোসেনের কন্যা সানজিদা আক্তার (১০)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী বলেন, জনবসতিপূর্ণ এলাকায় গভীর গর্ত করে ইটভাটায় মাটি কাটার ফলে এ দুর্ঘটনাটি ঘটেছে। কোনো অবস্থাতেই মাটিখেকোদের বেপরোয়া গতি থামানো যাচ্ছে না। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
