রাঙ্গামাটিতে কৃষকদের মধ্যে কৃষি কার্ডের মাধ্যমে ডিজেল বিক্রি শুরু হয়েছে। গতকাল রবিবার সকালে শহরের চারটি পাম্পের মধ্যে তিনটিতে রুটিন অনুযায়ী ডিজেল দেওয়া হচ্ছে। তবে সময় বেঁধে দেওয়ার ফলে দীর্ঘক্ষণ লাইনে থেকেও তেল না পেয়ে অনেক কৃষক হতাশ হয়ে ফিরে গেছেন।
স্থানীয় প্রশাসন সপ্তাহে তিন দিন ডিজেল ও তিন দিন অকটেন দেওয়ার ঘোষণা দেয়। এতে পাম্পগুলোতে শৃঙ্খলা ফিরলেও সময় বেঁধে দেওয়ায় অনেক কৃষককে খালি কন্টেনার হাতে নিয়ে ফিরে যেতে দেখা গেছে। তাদের দাবি, সঠিক চাষিদের যাচাই-বাছাই করে সময় বৃদ্ধি করে তেল দেওয়া হোক। সময় শেষ হয়ে গেলে পাম্পে তেল থাকলেও পাম্পগুলো তেল সরবরাহ বন্ধ করে দিচ্ছে। এতে ভোগান্তিতে পড়েন দুর্গম এলাকা থেকে আসা কৃষক, জেলে ও পণ্যবাহী গাড়ির চালকরা।
কৃষক রবিমোহন জানান, আগে প্রতিদিন জমিতে পানি দিতে পারলেও তেলের অভাবে একদিন বা দুদিন পরপর পানি দিতে হচ্ছে। বৃষ্টি না থাকায় জমির মাটি ফেটে গিয়ে ধানের গাছ মরে যাচ্ছে। তেল সরবরাহের সময় বৃদ্ধির দাবি জানাচ্ছি।
এদিকে পাঁচ দিন বন্ধ থাকার পর কাপ্তাই হ্রদে শুরু হয়েছে স্পিডবোট চলাচল। স্পিডবোট ঘাটের ব্যবস্থাপক
মো. মহিউদ্দিন বলেন, কিছুটা তেল পাওয়া যাওয়ায় কিছু স্পিডবোট চলাচল শুরু হয়েছে।
