কুমিল্লায় দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ১২:২৭ এএম

কুমিল্লার জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা রয়েল কোচ পরিবহনের তিনটি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাসে আগুন লেগে পুড়ে গেছে। গতকাল রবিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। আগুনের কালো ধোঁয়া দেখে স্থানীয় পরিবহন শ্রমিকরা ছুটে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। পুলিশ ও পরিবহনসংশ্লিষ্টরা বিষয়টি তদন্ত করে দেখছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বিকল হয়ে পড়ায় বাস তিনটি কিছুদিন ধরে বাসস্ট্যান্ডে রাখা ছিল। গতকাল দুপুরে হঠাৎ করেই সেগুলোতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে নিয়ন্ত্রণে আনার আগেই বাসগুলোর ভেতরের সবকিছু পুড়ে যায়, শুধু লোহার কাঠামো অবশিষ্ট থাকে।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, বিকল বাসগুলোতে নিয়মিত মাদকসেবনের আসর বসত। বিভিন্ন রুটের চালক ও সহকারীরা এতে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তাদের দাবি, ঘটনার কিছুক্ষণ আগে একটি বাস থেকে পাঁচজনকে মাদক সেবন শেষে বের হতে দেখা যায়। এরপরই আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লাইটারের বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস পাঠানো হয়েছে। অগ্নিকা-ের কারণ অনুসন্ধান করা হচ্ছে। মাদকসংশ্লিষ্ট বিষয়গুলোও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত