নাটোরের সিংড়ায় বেপরোয়া গতির বাসচাপায় নাদির কায়ছার রুবেল (৩৮) নামের এক সাবেক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া পৌরসভার নিংগইন বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল নাটোর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এবং সিংড়া পৌরসভার নিংগইন ঘুনপাড়া গ্রামের পশু চিকিৎসক আব্দুল কাদেরের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে নিংগইন বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন রুবেল। এ সময় যশোর থেকে বগুড়াগামী নাজ পরিবহন (ঢাকা মেট্রো-ব ১১-৫৬১৯) নামের একটি দ্রুতগামী বাস মহাসড়কের উল্টো পথ দিয়ে এসে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি বাসের নিচে ছিটকে পড়ে চাকার নিচে পিষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান। রুবেলের অকাল মৃত্যুতে এলাকায় ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সিংড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদত হোসেন মিন্টু গভীর শোক প্রকাশ করে বলেন, রুবেলের মৃত্যুতে আমরা খুবই মর্মাহত। দলের ক্লান্তিকালে রুবেল একজন নিবেদিত কর্মী ছিল। রাজপথের আন্দোলন সংগ্রামে তার সাহসী ভূমিকা আমাদের সবসময় অনুপ্রাণিত করেছে।
দুর্ঘটনার পর ঘাতক চালক বাসটি নিয়ে পালানোর চেষ্টা করে। তবে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে সিংড়া বাসস্ট্যান্ডে বাসটি ফেলে রেখে চালক ও তার সহকারী পালিয়ে যায়। খবর পেয়ে সিংড়া থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং বাসটি জব্দ করে।
এদিকে, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ইটবোঝাই ট্রলি উল্টে আতাউর রহমান (২৫) নামের এক চালকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরের দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকায় ফুলবাড়ী-লালমনিরহাট সড়কের ধরলা সেতুর পশ্চিম প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতাউর রহমান পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের মোক্তারকুটি গ্রামের আমিনুল ইসলামের ছেলে। জানা যায়, নাগেশ্বরী উপজেলার এগারো মাথা এলাকার একটি ইটভাটা থেকে ইটবোঝাই করে ট্রলি নিয়ে লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা দেন আতাউর রহমান। পথে ধরলা সেতু পার হওয়ার পর হঠাৎ বিকট শব্দে ট্রলির শকআপ ভেঙে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি উল্টে গেলে চালক আতাউর রহমান ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
