জ্বালানি সাশ্রয় কমাতে অনলাইন-অফলাইন ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৭:০৩ পিএম

জ্বালানি সংকট মোকাবিলা এবং নগরীর ক্রমবর্ধমান ট্রাফিক চাপ কমাতে নতুন শিক্ষাব্যবস্থার চিন্তা করছে সরকার। এ প্রেক্ষাপটে মেট্রোপলিটন এলাকার স্কুলগুলোকে ধীরে ধীরে অনলাইন-অফলাইন সমন্বিত (হাইব্রিড) পদ্ধতিতে নিয়ে আসার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে বরিশাল নগরীর সার্কিট হাউজে সরকারি বিভিন্ন দফতরের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শহরাঞ্চলে যানজট একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন শিক্ষার্থীদের স্কুলে আনা-নেওয়ার জন্য বিপুল পরিমাণ যানবাহন ব্যবহার হচ্ছে— যা জ্বালানি খরচ বাড়ানোর পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাকেও চাপের মুখে ফেলছে। এ অবস্থায় আংশিক অনলাইন ক্লাস চালু করা গেলে শিক্ষার্থীদের শারীরিক উপস্থিতি কমবে, ফলে যানবাহনের চাপও হ্রাস পাবে এবং জ্বালানি সাশ্রয় সম্ভব হবে।

তিনি আরও বলেন, দেশে বর্তমানে প্রায় ৪৫ দিনের জ্বালানি মজুত রয়েছে এবং অতিরিক্ত ৪৫ দিনের মজুত নিশ্চিত করতে সরকার কাজ করছে। তবে এই মুহূর্তে জ্বালানির মূল্য বৃদ্ধি করার কোনো পরিকল্পনা নেই বলে তিনি স্পষ্ট করেন। তার মতে, সরাসরি দাম বাড়ানোর পরিবর্তে ব্যবস্থাপনাগত পরিবর্তনের মাধ্যমে জ্বালানি সাশ্রয়ই এখন সবচেয়ে কার্যকর কৌশল।

শিক্ষামন্ত্রী ডিজিটাল শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্বারোপ করে বলেন, সময়ের চাহিদা অনুযায়ী বাংলাদেশকে দ্রুত ডিজিটাল এডুকেশনের দিকে এগোতে হবে। অনলাইন-অফলাইন সমন্বিত শিক্ষা শুধু জরুরি পরিস্থিতির সমাধান নয়, বরং ভবিষ্যতের শিক্ষাব্যবস্থার একটি স্থায়ী অংশ হয়ে উঠতে পারে।

একই দিনে দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আরেকটি সভায় তিনি আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের ওপর জোর দেন।

শিক্ষকদের দীর্ঘদিনের বকেয়া অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের বিষয়টিও তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, ২০২২ সাল থেকে শিক্ষকরা এই ভাতা পাচ্ছেন না এবং প্রায় ৭ হাজার কোটি টাকার একটি বড় অঙ্কের অর্থ সংকট রয়েছে। এই অর্থের যোগান দিতে আগামী জাতীয় বাজেট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। তবে ইতোমধ্যে কাঠামোগত কিছু সংস্কার করা হয়েছে, যা ভবিষ্যতে এ ধরনের জটিলতা কমাতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এছাড়া শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এনটিআরসি (NTRCA)-এর কার্যক্রমকে আরও শক্তিশালী করা হয়েছে বলেও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। তার মতে, কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত এই প্রক্রিয়া দুর্নীতি কমিয়ে একটি সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক নিয়োগব্যবস্থা নিশ্চিত করবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত