ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালঙ্কার ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ মফিদুল ইসলাম (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) । গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে বিমানবন্দরের আগমনী ক্যানোপি-২-এর খোলা কার পার্কিং এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ওমরাহ হজ কাফেলার মোয়াল্লেম মফিদুল ইসলাম পালানোর চেষ্টা করলে এপিবিএন সদস্যরা তাকে আটক করেন। সৌদি আরব থেকে এসভি ৮০৮ ফ্লাইটে দেশে ফিরেছিলেন তিনি।
মফিদুল ইসলাম খুলনার লবণচরা থানার বাসিন্দা। আটকের পর তাকে এপিবিএন কার্যালয়ে নিয়ে সঙ্গে থাকা হাতব্যাগ তল্লাশি করে ৪৯৯.১ গ্রাম ২১ ক্যারেট স্বর্ণালঙ্কার ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়। মুদ্রার মধ্যে রয়েছে ৯ হাজার মার্কিন ডলার, ৮ হাজার ৫০১ সৌদি রিয়াল, ১ হাজার ৮০০ মিসরীয় পাউন্ড, ১৫০ রোমানিয়ান লিউ এবং ৮০ হাজার ১১৭ টাকা। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৩ লাখ ৮৪ হাজার ৮৮০ টাকা। জিজ্ঞাসাবাদে জানা যায়, বিভিন্ন দেশ থেকে অজ্ঞাত যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে এসব স্বর্ণ দেশে আনা হয় এবং তিনি রিসিভার হিসেবে কাজ করেন।
