নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে টানটান উত্তেজনার এক ম্যাচে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। মেক্সিকান ফরোয়ার্ড জার্মান বেরতেরামে এমএলএসে নিজের প্রথম গোল পেলেও রক্ষণের ভুলে জয়বঞ্চিত হয়েছে টাটা মার্টিনোর শিষ্যরা। রেড বুলসের হয়ে দুর্দান্ত পারফর্ম করে মায়ামিকে রুখে দিয়েছেন তরুণ তুর্কি জুলিয়ান হল।
ম্যাচের শুরুতেই লিড নিতে পারত মায়ামি। লিওনেল মেসির নিখুঁত এক পাস থেকে গোলমুখে সহজ সুযোগ নষ্ট করেন বেরতেরামে। উল্টো পাল্টা আক্রমণে গিয়ে মায়ামিকে স্তব্ধ করে দেয় রেড বুলস। উইং দিয়ে বল নিয়ে ভেতরে ঢুকে জুলিয়ান হল খুঁজে নেন হোর্হে রুভালকাবাকে, যিনি সহজেই বল জালে জড়ান। তবে বিরতির ঠিক আগ মুহূর্তে ম্যাচে ফেরে মায়ামি। রদ্রিগো দি পলের চমৎকার ক্রস থেকে ব্যাক পোস্টে থাকা মাতেও সিলভেত্তি বল জালে পাঠিয়ে ১-১ সমতা ফেরান।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করার সুযোগ পেয়েছিলেন মেসি, কিন্তু তার শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। অবশ্য কিছুক্ষণ পরেই সেই আক্ষেপ ঘুচান বেরতেরামে। ডি-বক্সের ভেতর বল পেয়ে দারুণ এক ভলিতে মায়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন এই মেক্সিকান। এটিই আমেরিকান লিগে তার প্রথম গোল।
ম্যাচের ৬০ মিনিটে কেড কোয়েলের অফসাইডে একটি গোল বাতিল হয় রেড বুলসের। তবে গোল শোধ করতে বেশি দেরি করেনি তারা। জুলিয়ান হলের ক্রসে পা ছুঁইয়ে নিউ ইয়র্ককে সমতায় ফেরান আদ্রিয়ান মেহমেতি। ম্যাচের শেষ দিকে লুইস সুয়ারেজ গোল করার সুবর্ণ সুযোগ পেলেও রেড বুলস গোলরক্ষক ইথান হোরভাথের নৈপুণ্যে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় মায়ামিকে।
ডোপিংয়ের দায়ে দুই বছর নিষিদ্ধ মাবিয়া আক্তার
ঘরের মাঠে শিরোপা দৌড়ে বড় হোঁচট খেল আর্সেনাল