যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আহ্বান ওমানের

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ১২:৪৬ এএম

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং আলোচনা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বদর আলবুসাইদি।

রবিবার (১২ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, উভয় পক্ষকে সমঝোতায় পৌঁছানোর জন্য হয়তো সবাইকে বেদনাদায়ক ছাড় দিতে হতে পারে। কিন্তু ব্যর্থতা ও যুদ্ধের ফলে যে যন্ত্রণা হতে পারে, তার তুলনায় এটি কিছুই নয়। 

তিনি আরও বলেন, যুদ্ধ শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে যখন তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে দেখা করেছেন। ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের জটিলতা এড়াতে আন্তরিকভাবে এবং দৃঢ়ভাবে আগ্রহী ছিলেন।

পোপ চতুর্দশ লিও-এর এক্সে দেওয়া একটি পোস্টের জবাবে সাইয়্যেদ বদর এই মন্তব্য করেন। পোপ তার পোস্টে বলেন যে, সামরিক পদক্ষেপ স্বাধীনতা বা শান্তির সময় তৈরি করবে না, যা কেবল জনগণের মধ্যে ধৈর্যশীল সহাবস্থান ও সংলাপের মাধ্যমেই আসে।

এর আগে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়। তবে কোনো ধরনের সিদ্ধান্তে পৌঁছানোরে আগে শেষ হয় আলোচনা। তবে তেহরান দাবি করেছে, আলোচনা অব্যাহত রয়েছে।

ইসলামাবাদে পাঠানো ইরানের বার্তাসংস্থা তাসনিম নিউজের প্রতিবেদক জানিয়েছেন, মার্কিন পক্ষের অযৌক্তিক দাবি এবং জাতীয় স্বার্থ রক্ষার ব্যাপারে ইরানি প্রতিনিধিদলের জেদের পরিপ্রেক্ষিতে পাকিস্তানি পক্ষের প্রস্তাব এবং উভয় পক্ষের সম্মতিতে আরও এক দফা আলোচনা চলবে।

এদিকে মার্কিন প্রেসিন্টে ডোনাল্ড ট্রাম্প ইরানকে টোল দিয়ে হরমুজ প্রণালী পার হওয়া জাহাজের প্রবেশ ও বের হওয়া ঠেকাতে জাহাজ চলাচলে হুঁশিয়ারি দিয়েছেন।

যদিও ইরানের ডেপুটি পার্লামেন্ট স্পিকার হাজি বাবাই-এর বরাত দিয়ে মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানের জন্য হরমুজ প্রণালী একটি ‘রেড লাইন’। এই প্রণালী পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে এবং এর টোল ইরানি মুদ্রা রিয়ালে পরিশোধ করতে হবে বলেও জানান তিনি। 

সূত্র: গাল্ফ নিউজ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত