দরুদে বরকতের অফুরান ঝরনা

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪০ এএম

ভালোবাসা, আনুগত্য ও আধ্যাত্মিক সম্পর্কের জীবন্ত দর্শন রয়েছে ইসলামের শিক্ষায়। বান্দার সঙ্গে মহান আল্লাহর সম্পর্ক ইবাদতের মাধ্যমে সুদৃঢ় হয়, আর উম্মতের সঙ্গে হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সম্পর্ক দৃঢ় হয় দরুদ শরিফের মাধ্যমে। দরুদ মুমিন হৃদয়ের স্পন্দন, ভালোবাসার নীরব অশ্রু, ইমানের দীপ্ত স্বাক্ষর এবং বরকতের অফুরন্ত ঝরনা। প্রতিটি দরুদ এক অন্তর্নিহিত প্রেমের প্রকাশ, যা বান্দার হৃদয়কে মহান আল্লাহ ও নবীজি (সা.)-এর প্রতি নিবেদিত করে।

পবিত্র কোরআনে মহান আল্লাহ ঘোষণা করেন, ‘নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতারা নবীর প্রতি দরুদ পাঠ করেন। হে ইমানদাররা! তোমরাও তার প্রতি দরুদ ও যথাযথভাবে সালাম পাঠ করো।’ (সুরা আহজাব ৫৬) এখানে নবীজির প্রতি মহান আল্লাহর দরুদ পাঠ করার অর্থ হলো, আল্লাহ নবীজির প্রতি অনুগ্রহ করেন।

এই আয়াত যেন আসমান থেকে নেমে আসা এক আলোকবার্তা, যা আমাদের স্মরণ করিয়ে দেয়, দরুদ শুধুই এক আমল নয়, বরং এক অনন্য সম্মান ও আধ্যাত্মিক সম্পর্কের প্রতীক। যখন একজন মুমিন দরুদ পাঠ করে, তখন সে এক ঐশী ধারার সঙ্গে যুক্ত হয়ে যায়। যে ধারা আসমান থেকে নেমে আসে রহমতের সুধা নিয়ে। তার ক্ষুদ্র কণ্ঠের উচ্চারণ মিলিত হয় ফেরেশতাদের পবিত্র দরুদের সঙ্গে, আর সেই মুহূর্তে সৃষ্টি হয় এক অপূর্ব আধ্যাত্মিক সেতুবন্ধন।

দরুদ শরিফের কেন্দ্রবিন্দু হলেন রাহমাতুল্লিল আলামিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তার প্রতি ভালোবাসা ইমানের প্রাণ, যা ছাড়া ইমান পূর্ণতা পায় না। দরুদ পাঠ সেই ভালোবাসাকে শব্দে রূপ দেয়, হৃদয়ের গভীর শ্রদ্ধাকে উচ্চারণে পরিণত করে। এটি কৃতজ্ঞতার প্রকাশ, কারণ তার মাধ্যমেই মানবজাতি পেয়েছে হেদায়েতের আলো, কোরআনের দিশা এবং জীবন পরিচালনার সর্বোত্তম আদর্শ।

দরুদ শরিফের আধ্যাত্মিক প্রভাব অত্যন্ত গভীর ও বিস্তৃত। এটি কেবল সম্মানজ্ঞাপন নয়, বরং রহমত লাভের অন্যতম মাধ্যম। মানুষের জীবনে দুশ্চিন্তা, ক্লান্তি ও মানসিক অস্থিরতা অনিবার্য। কিন্তু যে হৃদয় দরুদে অভ্যস্ত, সে হৃদয় দ্রুত প্রশান্তির আলো খুঁজে পায়। দরুদ অন্তরকে কোমল করে, অস্থিরতাকে প্রশমিত করে এবং হৃদয়ে এনে দেয় এক প্রশান্ত জ্যোতি। দরুদের স্নিগ্ধ ধ্বনি মুমিনের রুহে প্রশান্তির পরশ বুলিয়ে দেয়। এটি এমন এক আমল, যা জিহ্বায় সহজ, কিন্তু প্রভাবে গভীর।

যখন বান্দা দরুদ পাঠ করে, তখন সে নিজের অহংকার গলিয়ে ফেলে নবীজি (সা.)-এর ভালোবাসায়। দরুদ পাঠে আত্মার কঠোরতা নরম হয়, অন্তর বিনম্র হয়, আমলে ইখলাস জন্ম নেয়। দরুদ মানুষকে সুন্নাহর পথে টেনে আনে, শুধু কথায় নয়, চরিত্রেও।

দরুদ শরিফের আরেকটি সৌন্দর্য হলো এর সর্বজনীনতা। পৃথিবীর এক প্রান্তে কেউ ফিসফিস করে দরুদ পড়ছে, অন্য প্রান্তে কেউ অশ্রুসিক্ত চোখে সালাম পেশ করছে, কিন্তু তাদের অনুভূতি এক, তাদের ভালোবাসা এক। ভাষা, বর্ণ, জাতি ও ভৌগোলিক সীমারেখা পেরিয়ে দরুদ সব মুমিনকে এক অদৃশ্য বন্ধনে আবদ্ধ করে। এটি এমন এক আধ্যাত্মিক সংযোগ, যা বিশ্বজুড়ে মুমিনদের এক হৃদয়ে পরিণত করে।

দরুদ পাঠ মুমিনের অন্তরে মহান আল্লাহর সন্তুষ্টি এবং হজরত রাসুল (সা.)-এর ভালোবাসা জাগ্রত করে। এটি প্রেমের দীপশিখা, রহমতের দরজা, বরকতের ভাণ্ডার। যে অন্তর নিয়মিত দরুদে ভিজে, সেখানে অহংকার ও কঠোরতা বাসা বাঁধতে পারে না। সেখানে জন্ম নেয় নম্রতা, চরিত্রে ফুটে উঠে নবীপ্রেমের সৌন্দর্য এবং জীবনে নেমে আসে নবীজি (সা.)-এর সুন্নাহর প্রতি আকর্ষণ ও আল্লাহর সন্তুষ্টির শান্ত ছায়া। ব্যক্তি জীবন থেকে সমাজ জীবন সর্বত্র দরুদ এক নীরব আলোকরেখা হয়ে মুমিনের পথকে সুস্পষ্ট, প্রশান্ত এবং ইমানের আলোয় ভরিয়ে দেয়।

মহান আল্লাহ আমাদের বেশি বেশি করে নবীজি (সা.)-এর ওপর দরুদ পাঠ করার তওফিক দান করুন। আমিন।

লেখক : ইসলামবিষয়ক গবেষক

×
সর্বশেষ সর্বাধিক পঠিত