নতুন আলোচনায় বসার ‘পরিকল্পনা নেই’ তেহরানের!

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৬:০২ এএম

যুক্তরাষ্ট্র ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ আটক করার পর নতুন আলোচনায় বসার ‘পরিকল্পনা নেই’ বলে ঘোষণা দিয়েছে তেহরান। জাহাজটি সরে যাওয়ার জন্য প্রায় ছয় ঘণ্টা ধরে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। অবশ্য কার্গো জাহাজ জব্দের পাল্টা জবার হিসেবে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান।  যুক্তরাষ্ট্রের দেওয়া শর্ত মেনে ইরান ‘কখনোই’ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়তে রাজি হবে না বলে বিবিসিকে জানিয়েছেন দেশটির জ্যেষ্ঠ রাজনীতিবিদ ইব্রাহিম আজিজি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। যদিও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফায় শান্তি আলোচনা শুরু করতে নিরাপত্তা জোরদার করা হয়েছে জানা গেছে। 

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন নৌবাহিনী উপসাগরে একটি ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে। তিনি তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘তৌসকা’ নামের জাহাজটিকে থামার নির্দেশ দিলে সেটি তা অমান্য করে। তাই জাহাজটিকে জব্দ করা হয়। অন্যদিকে, ইরান বলেছে যে, এটি যুদ্ধবিরতি লঙ্ঘন এবং তারা শীঘ্রই এই সশস্ত্র জলদস্যুতার ঘটনার জবাব দিবে। এ ঘোষণার আগে হোয়াইট হাউজ নিশ্চিত করে যে, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে পাকিস্তানে আয়োজিত দ্বিতীয় দফা আলোচনায় নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অবশ্য তেহরান এখনো দ্বিতীয় দফা আলোচনায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করেনি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অবরোধ চলতে থাকলে তারা আলোচনায় অংশ নেবে না।

এদিকে যুক্তরাষ্ট্রের ‘অবৈধ আচরণ’ ও দেশটির নেতাদের ‘সাংঘর্ষিক অবস্থান’ কূটনীতির দাবির সঙ্গে অসংগতিপূর্ণ বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে এক ফোনালাপে তিনি এই সমালোচনা করেন।ইরানি বার্তা সংস্থা ইসনার প্রতিবেদনে বলা হয়েছে, ফোনালাপে আরাগচি মার্কিন প্রশাসনের কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, মার্কিন নেতাদের অবস্থান ও কর্মকাণ্ড আন্তর্জাতিক শিষ্টাচার ও কূটনীতির পরিপন্থী।আরাগচি আরও উল্লেখ করেন, ইরান অন্য পক্ষের আচরণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। নিজের দেশের জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় তেহরান সব সময় উপযুক্ত এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে বলেও তিনি লাভরভকে জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত