ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে ধরিত্রী দিবস উদযাপন করেছে। গত ২০ থেকে ২২ এপ্রিল পর্যন্ত তিনদিনব্যাপী এই আয়োজন করা হয়। আয়োজনের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক এবং দেশি-বিদেশি বিশেষজ্ঞরা পরিবেশ সচেতনতা ও টেকসই উন্নয়নবিষয়ক নানা কার্যক্রমে অংশ নেন। তিনদিনের এই আয়োজনে সেমিনার, সাংস্কৃতিক পরিবেশনা, বিভিন্ন প্রদর্শনী এবং আল্পনা প্রশিক্ষণ কর্মশালাসহ মোট ৩৮টি কর্মসূচি অন্তর্ভুক্ত ছিল। এসব কার্যক্রম পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের গুরুত্ব তুলে ধরতে এবং এ বিষয়ে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, উন্নয়ন ও গবেষণা বিশেষজ্ঞ, আন্তর্জাতিক শিক্ষাবিদ, কূটনীতিক এবং শিল্পখাতের নেতৃবৃন্দসহ বিশিষ্ট অতিথিরা অংশ নেন। উল্লেখযোগ্য অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন কেপিএমজি বাংলাদেশ-এর সাবেক পার্টনার এম আলী আশফাক, এফসিএ, বন বিভাগের ডেপুটি চিফ কনজারভেটর অব ফরেস্টস (ডিসিসিএফ) রাকিবুল হাসান, লেখক ও নদী গবেষক শেখ রোকন, বিআইআইডি’র সিইও মো. শহীদ উদ্দিন আকবর, ইস্ট চায়না নরমাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. ঝেং লি, পাওয়ারচায়না বাংলাদেশের কান্ট্রি হেড মি. হান কুন, সুইডিশ দূতাবাসের পলিটিকস অ্যান্ড ট্রেড বিভাগের প্রধান ওলে লুন্ডিন, ইন্টারন্যাশনাল আইডিইএ স্টকহোম, সুইডে- এর কনস্টিটিউশনাল গভর্নেন্স অ্যান্ড রুল অব ল’ বিভাগের প্রধান সুমিত বিসারিয়া; আরিফুল হাসান অপু, সিইও, ই-সফট।
ইউল্যাব-এর উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা বলেন, ধরিত্রী দিবস উদযাপনটি কেবল একটি প্রতীকী আয়োজন নয়। এই তিন দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে অর্থবহ সংলাপ তৈরি করা এবং শিক্ষার্থী ও বৃহত্তর কমিউনিটিকে একটি টেকসই ভবিষ্যৎ নির্মাণে দায়িত্বশীল ভূমিকা নিতে উদ্বুদ্ধ করা ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
অনুষ্ঠানে আরও ছিল সাংস্কৃতিক পরিবেশনা ও লাইভ কনসার্ট, যা পরিবেশ সচেতনতা, আলোচনা এবং কমিউনিটি সম্পৃক্ততাকে আরও প্রাণবন্ত করে তোলে। এই উদ্যোগের মাধ্যমে ইউল্যাব পরিবেশগত দায়িত্ববোধ এবং টেকসই ভবিষ্যতের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।