২৫ এপ্রিল গণমিছিল সফলের আহ্বান জামায়াতের

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৭:১৩ পিএম

আগামী ২৫ এপ্রিল (শনিবার) রাজধানী ঢাকা বাদে দেশের সব মহানগরীতে ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হবে।


জামায়াতে ইসলামীর সেক্রেটরি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে ঘোষিত গণমিছিল কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।


তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং জনজীবনে বিরাজমান বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে এই কর্মসূচি আহ্বান করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, দেশ বর্তমানে এক গভীর সংকটকাল অতিক্রম করছে। জনগণ প্রত্যাশা নিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দিয়েছে, তাই সেই রায় বাস্তবায়ন করা সরকারের প্রধান দায়িত্ব।

মিয়া গোলাম পরওয়ার বলেন, এই আন্দোলন কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থে নয়; বরং সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই এটি পরিচালিত হচ্ছে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা কাটিয়ে ওঠা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সকল স্তরের নেতাকর্মী, ১১ দলীয় ঐক্যের সদস্য এবং সর্বস্তরের দেশপ্রেমিক জনগণকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি সফল করার আহ্বান জানান।

বিবৃতির শেষে তিনি দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং কর্মসূচি পালনে শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত