মাদারীপুরের ডাসার উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে দা ও কাঁচির আঘাতে দুইজন আহত হয়েছেন। গোপালপুর ইউনিয়নের ধ্বজি গ্রামে শুক্রবার (২৪ এপ্রিল) এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ওই এলাকার আব্দুর রহমান সরদার (৪০) ও তার স্ত্রী সাদিয়া বেগম (২৫)।
স্থানীয়দের বরাতে মাদারীপুর জেলা সদর হাসপাতাল পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুর রাজ্জাক জানান, আব্দুর রহমান সরদারের সঙ্গে প্রতিবেশী রাকিব সরদারসহ তার সহযোগীদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার জমি পরিমাপ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগীর পক্ষের জমির গাছপালা কেটে ফেলে। এ ঘটনায় প্রতিবাদ করলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এসময় প্রতিপক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে আব্দুর রহমান সরদার ও তার পরিবারের ওপর হামলা চালায়। এতে আব্দুর রহমান সরদার ও তার স্ত্রী সাদিয়া বেগম গুরুতর জখম হয়। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এখন পর্যন্ত এবিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানান তিনি।