ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ২৪৯৬

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পিএম

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ দক্ষিণ লেবাননের ইয়োহমোর আল-শাকিফ শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। এদিকে লেবাননে ইসরায়েলি হামলা নিহতের সংখ্যা বেড়ে ২,৪৯৬ জনে দাঁড়িয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে। গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাতের সর্বশেষ পরিসংখ্যানে জানানো হয়, প্রাণহানির পাশাপাশি এখন পর্যন্ত আহতের সংখ্যা পৌঁছেছে ৭,৭২৫ জনে। মন্ত্রণালয়ের দৈনিক প্রতিবেদনে বর্তমান মানবিক পরিস্থিতির ভয়াবহ চিত্র ফুটে উঠেছে।

দেশজুড়ে ইসরায়েলি বাহিনীর অব্যাহত আক্রমণের মুখে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। সরকারি তথ্যমতে, বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বর্তমানে ১ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। আশ্রয়কেন্দ্রগুলোতে অবস্থান নেওয়া বাস্তুচ্যুত পরিবারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩১ হাজারে। লেবানন সরকার এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো এই বিশাল সংখ্যক মানুষকে প্রয়োজনীয় সেবা দিতে হিমশিম খাচ্ছে।

এদিকে চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ ও পূর্ব লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলি বিমান হামলা, কামানের গোলাবর্ষণ এবং ড্রোনের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে, যা সংঘাত আরও বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।  সর্বশেষ দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় চারজন নিহতের খবর দেয় লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা। স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, নাবাতিহ জেলায় একটি লরি এবং একটি মোটরসাইকেল লক্ষ্য করে ইসরায়েল এই হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে। তবে এই হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। লেবাননের সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েল সীমান্তবর্তী হুলা শহরে গোলাবর্ষণ করেছে এবং মারজায়ুন জেলার কানতারা ও আল-কুসাইর শহরে কামানের গোলা ছোড়া হয়েছে। এছাড়া বন্দর নগরী টায়ারে বিমান হামলা এবং দক্ষিণ জহরানি এলাকার গ্রামগুলোতে ড্রোন তৎপরতার খবর পাওয়া গেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুদ্ধবিরতি বৃদ্ধির পর গত বুধবার (২২এপ্রিল) ছিল সবচেয়ে প্রাণঘাতী দিন, যেখানে দক্ষিণ লেবাননে ছয়জন নিহত হয়েছিলেন। এদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে যে তারা গত রাতে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর রকেট লঞ্চারগুলো লক্ষ্য করে রাতভর অভিযান পরিচালনা করেছে। এই ক্রমবর্ধমান আক্রমণগুলো যুদ্ধবিরতির স্থায়িত্বকে এখন বড় ধরণের প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে।

 

 

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত