ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন এবং ওডেসা বন্দরে একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। অন্যদিকে, রাশিয়া দাবি করেছে, তারা ইউক্রেনের দুই শতাধিক ড্রোন ভূপাতিত করেছে।
শনিবার ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলে রুশ ড্রোন হামলায় দুই ব্যক্তি নিহত হন। আঞ্চলিক গভর্নর ওলেহ হ্রাইরভ জানান, রাশিয়ার সীমান্তঘেঁষা বিলোপিল শহরে বেসামরিক নাগরিকরা এ হামলার শিকার হন।
মধ্যাঞ্চলীয় দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের চারটি জেলায় রুশ হামলায় একজন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন বলে জানিয়েছেন গভর্নর ওলেক্সান্দর গাঞ্জা।
দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলে রুশ গোলাবর্ষণে সাতজন আহত হয়েছেন বলে জানান গভর্নর ওলেক্সান্দর প্রোকুদিন।
এছাড়া পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলে গত চব্বিশ ঘণ্টায় পঞ্চাশটি বসতিতে সাত শতাধিক হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন বলে জানিয়েছেন গভর্নর ইভান ফেদোরভ। তিনি বলেন, এসব হামলায় ঘরবাড়ি, যানবাহন ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ওডেসা অঞ্চলে উপপ্রধানমন্ত্রী ওলেক্সিই কুলেবা জানিয়েছেন, রুশ বাহিনী আবারও বন্দর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। তিনি টেলিগ্রামে বলেন, এ হামলায় বন্দর ও লজিস্টিক স্থাপনা, গুদাম, প্রযুক্তিগত সরঞ্জাম, পণ্য সংরক্ষণ ট্যাংক, প্রশাসনিক ভবন এবং মালবাহী পরিবহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও জানান, পালাউ পতাকাবাহী একটি বেসামরিক জাহাজ বন্দরে পণ্য ওঠানামার সময় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জাহাজের কোনো ক্রু সদস্য হতাহত হননি। এদিকে ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া রাতভর একশো চুয়াল্লিশটি ড্রোন হামলা চালায়, যার মধ্যে একশো চব্বিশটি ভূপাতিত বা নিষ্ক্রিয় করা হয়েছে। হামলার প্রভাব দেশের অন্তত এগারোটি স্থানে পড়েছে।
