আয়ারল্যান্ডের অন্ধ ও দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের জন্য ১৫ হাজার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই স্মার্ট চশমা বিনামূল্যে দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা। আশপাশের তথ্য ও লেখা পড়ে শোনানোর বিশেষ প্রযুক্তিওয়ালা এসব চশমা দেশটির জাতীয় দৃষ্টিভঙ্গিসংক্রান্ত সংগঠন ‘ভিশন আয়ারল্যান্ড’-এর মাধ্যমে বিতরণ করার কথা প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
বিনামূল্যে এসব চশমা পেতে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের ভিশন আয়ারল্যান্ডের ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। মেটা বলেছে, সংগঠনটি যেসব প্রাপ্তবয়স্ক অন্ধ ও দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা দেয় তাদের চাহিদা মেটাতে এই ১৫ হাজার চশমাই যথেষ্ট।
মেটার তৈরি স্মার্ট চশমা দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের দৈনন্দিন জীবনে সহায়ক ভূমিকা রাখতে পারে। চশমাটি আশপাশের বিভিন্ন বস্তু শনাক্তের পাশাপাশি যেকোনো লেখা পড়ে শোনাতে পারে। আশপাশের পরিবেশের বিবরণ জেনে নেওয়ার সুবিধা থাকায় ব্যবহারকারীরা যেকোনো কাজ দ্রুত ও নিরাপদে করতে পারবেন। চশমাটির মাধ্যমে আসা মেসেজ শুনে নিয়ে ‘মেটা এআই’-এর সহায়তায় সঙ্গে সঙ্গেই উত্তর পাঠানোরও সুযোগ রয়েছে।
দৃষ্টিপ্রতিবন্ধীদের সহায়তায় মেটা হাত মিলিয়েছে ‘বি মাই আইজ’ নেটওয়ার্কের সঙ্গে। ফলে ব্যবহারকারীরা চশমার মাধ্যমেই সরাসরি স্বেচ্ছাসেবকদের কল করতে পারবেন। ভিশন আয়ারল্যান্ডের কাছ থেকে বিনামূল্যে রে-ব্যান মেটা চশমা পেতে আগ্রহীরা সংগঠনটির প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট বা নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগ করে নিবন্ধন করতে পারবেন। আবেদনকারীদের মধ্য থেকে উপযোগী ব্যক্তিদের নির্বাচন করা এবং পরবর্তীতে তাদের চশমা ব্যবহারের সরাসরি প্রশিক্ষণ ও সহায়তা দেওয়ার সব দায়িত্ব নেবে ভিশন আয়ারল্যান্ড।