নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবৈধভাবে পাচারের সময় ২ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। অধিক মুনাফার আশায় এসব জ্বালানি তেল মজুদ করে চট্টগ্রাম থেকে ঢাকায় পাচার করা হচ্ছিল বলে জানা গেছে।
আজ বুধবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে প্রশাসন। চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি পিকআপে করে তেল পাচারের সময় সোনারগাঁও থানা পুলিশের সহযোগিতায় তেল জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে ১৩টি ড্রামে রাখা বিপুল পরিমাণ ডিজেল উদ্ধার করা হয়।
প্রশাসন জানায়, বৈশ্বিক জ্বালানি সংকটকে কাজে লাগিয়ে অবৈধভাবে তেল সংগ্রহ ও মজুদ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে এগুলো ঢাকায় নেওয়া হচ্ছিল। জব্দকৃত তেল সরকার নির্ধারিত মূল্যে নিলামের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হবে বলে প্রশাসন জানিয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ও বাজার মনিটরিং কার্যক্রম নিয়মিত চলবে।
অভিযানকালে সোনারগাঁও থানা পুলিশসহ পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান এবং ইউপি সদস্য রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।