বজ্রপাতে তিন যুবকের মৃত্যু

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০৩ এএম

দেশের পৃথক তিনটি জেলায় বজ্রপাতে তিন যুবকের মৃত্যু হয়েছে। এর মধ্যে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা গ্রামে সৌরভ মজুমদার (২২), রাজবাড়ীতে বজ্রপাতে সুমন ম-ল (৩৫) এবং ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় সাদ্দাম হোসেন (২৮) মারা যান।  দেশ রূপান্তরের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন

রাঙ্গাবালী (পটুয়াখালী) : গতকাল বুধবার সকাল ৯টার দিকে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা গ্রামে বজ্রপাতে সৌরভ মজুমদার নামে এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত সৌরভ ওই গ্রামের শাহ আলম মজুমদারের ছেলে। স্থানীয়রা জানান, বাড়িসংলগ্ন মাঠে নিজেদের গরু বাঁধতে গেলে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী : রাজবাড়ীতে বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে সুমন ম-ল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় কোল থেকে ছিটকে পড়ে আহত হয় নিহত সুমনের সাড়ে ৩ বছর বয়সী মেয়ে সাফিয়া। গতকাল বুধবার সকালে ৭টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মজ্জৎকোল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সুমন একই গ্রামের সিদ্দিক ম-লের ছেলে। উদ্ধার করে দ্রুত জেলা সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ : ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় রাংসা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সাদ্দাম হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়। গতকাল বুধবার দুপুরে উপজেলার গালাগাঁও ইউনিয়নের গাবরগাতী গ্রামের চৌরাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদ্দাম হোসেন ওই এলাকার হামেদ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের রাংসা নদীতে মাছ ধরতে যান সাদ্দাম। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ বিষয়ে তারাকান্দা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত