নোয়াখালীতে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যা মামলায় গৃহশিক্ষককে মৃত্যুদ-ের রায় দিয়েছেন আদালত। গতকাল দুপুর সাড়ে ১২টায় নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক খোরশেদুল আলম সিকদার এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) সেলিম শাহী রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, ২০২২ সালের ২২ সেপ্টেম্বর রাত ১০টার দিকে নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকায় নিজ বাসা থেকে স্কুলছাত্রী তাসনিয়া হোসেন অদিতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যায় জড়িত থাকার অভিযোগে ঘটনার দিন রাতে অদিতার গৃহশিক্ষক আব্দুর রহিম রনিকে (৩০) গ্রেপ্তার করা হয়। পরে নিজের অপরাধ স্বীকার করে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন রনি। চাঞ্চল্যকর এ মামলায় বাদী পক্ষের ৪১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। এ ছাড়া আসামি পক্ষের পাঁচজন সাফাই সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন বিচারক।
তাসনিয়া হোসেন অদিতা নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুরের প্রয়াত রিয়াজ হোসেন সরকারের মেয়ে। তার মা রাজিয়া সুলতানা বেগমগঞ্জ উপজেলার একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষিকা। রিয়াজ হোসেন সরকার ২০১২ সালে দক্ষিণ আফ্রিকায় মারা যান।
