বিপদসীমার উপরে ৪ নদীর পানি পাঁচ জেলায় বন্যার আশঙ্কা

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ এএম

দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে চারটি নদীর পানি বিপদসীমার উপরে উঠেছে। এ অবস্থায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এর প্রভাবে পাঁচটি জেলায় বন্যা দেখা দিতে পারে।

গতকাল বুধবার সকালে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম বড়–য়া জানিয়েছেন, টানা ভারী বৃষ্টিপাতের ফলেই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই বৃষ্টির ধারা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

সংস্থাটির তথ্যমতে, মৌলভীবাজার ও নেত্রকোনার নিম্নাঞ্চলে ইতিমধ্যেই বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। একই সঙ্গে সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলাতেও বন্যার ঝুঁকি বাড়ছে। এর আগে গতকাল মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে পরবর্তী ৯৬ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।  গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে, যেখানে ১৬১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। একই সময়ে ভোলায় ১৫১ মিলিমিটার এবং ফেনীতে ১৪৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, বৃষ্টি একটানা না হয়ে বিরতিসহ বিভিন্ন এলাকায় হতে পারে এবং এ অবস্থা আগামী ৪ মে পর্যন্ত স্থায়ী থাকার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভুগাই, কংস, মনু ও মগরা এই চারটি নদীর পানি বর্তমানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে মনু নদী বাদে বাকি তিনটি নদী নেত্রকোনা জেলার ভেতর দিয়ে প্রবাহিত।

এ ছাড়া সুরমা ও কুশিয়ারা নদীর পানিও দ্রুত বৃদ্ধি পাচ্ছে।  তবে বৃষ্টিপাতের পরিমাণ কমে এলে পরিস্থিতির উন্নতি ঘটতে পারে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত