সাইবার সুরক্ষা নিশ্চিত করতে দেশে এলো অল-ইন-ওয়ান সলিউশন ‘আইসাইবারহান্ট’

আপডেট : ০৪ মে ২০২৬, ০৩:০০ পিএম

বাংলাদেশে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে তথ্যের নিরাপত্তা নিশ্চিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান ব্রোটেক্স টেক লিমিটেড। প্রতিষ্ঠানটি বাজারে নিয়ে এসেছে ‘আইসাইবারহান্ট’ নামক একটি সমন্বিত সাইবার সিকিউরিটি সলিউশন। 

শনিবার (২ মে) কল্যাণপুরে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সহযোগিতায় আয়োজিত ‘ডিফেন্ডিং ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ইন দ্য ডিজিটাল এরা’ শীর্ষক এক সেমিনারে এই আধুনিক প্রযুক্তির ঘোষণা দেওয়া হয়।

ব্রোটেক্স টেক লিমিটেড জানায়, আইসাইবারহান্টকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেখানে একটি প্ল্যাটফর্মেই সাইবার নিরাপত্তার সব সমাধান পাওয়া যাবে। এতে পরবর্তী প্রজন্মের ফায়ারওয়াল, জিরো-ট্রাস্ট পলিসি, এন্ডপয়েন্ট সুরক্ষা এবং সিম/এক্সডিআর-এর মতো প্রযুক্তিকে সমন্বয় করা হয়েছে। এর ফলে আলাদা আলাদা সফটওয়্যার ব্যবহারের ঝামেলা কমবে এবং প্রতিষ্ঠানগুলোর সাইবার নিরাপত্তা কার্যক্রম আগের চেয়ে অনেক সহজ ও সাশ্রয়ী হবে।

এই সলিউশনের অন্যতম বিশেষত্ব হলো এতে যুক্ত অত্যাধুনিক আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ফিচার। এটি অত্যন্ত নিখুঁতভাবে সাইবার হামলা শনাক্ত করতে পারে। এআই চালিত এই সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে সম্ভাব্য হামলার রিপোর্ট তৈরি করে এবং নিরাপত্তা নীতিমালা অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সক্ষম। ফলে কোনো প্রতিষ্ঠানের আইটি টিমের ম্যানুয়াল কাজের চাপ যেমন কমে, তেমনি বড় ধরনের সাইবার বিপর্যয় থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়।

সেমিনারে বক্তারা নেটওয়ার্ক ব্যবস্থাপনায় এআই-চালিত ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেশন সেন্টার বা ‘ভিনক’ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। এটি হাইব্রিড আইটি পরিবেশকে রিয়েল-টাইমে মনিটরিং করে এবং কোনো সমস্যা দেখা দেওয়ার আগেই তা শনাক্ত করে স্বয়ংক্রিয় সমাধানের পথ তৈরি করে। এটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের নেটওয়ার্ক ভিজিবিলিটি বাড়িয়ে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করে।

অনুষ্ঠানে ব্রোটেক্সের বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশে প্রতিনিয়ত ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার মাধ্যমে ডিজিটাল প্রতারণা বাড়ছে। এতে একদিকে যেমন প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হচ্ছে, অন্যদিকে গ্রাহকরা আর্থিক ঝুঁকির মুখে পড়ছেন। আইসাইবারহান্ট এমন পরিস্থিতি মোকাবিলায় একটি শক্তিশালী ঢাল হিসেবে কাজ করবে, যা ডিজিটাল অপরাধীদের হাত থেকে ডেটা বা তথ্যকে সুরক্ষিত রাখবে।

ব্রোটেক্স টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিটিও নাহিদ হোসেন বলেন, ‘বাংলাদেশ দ্রুত ক্লাউড ও ডিজিটাল সার্ভিসের দিকে এগোলেও সাইবার নিরাপত্তার ক্ষেত্রে এখনো অনেক চ্যালেঞ্জ রয়েছে। আইসাইবারহান্ট এন্টারপ্রাইজ-গ্রেডের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশের বাজারকে বিশ্বমানের সাইবার সুরক্ষা প্রদান করবে।’

জিরো ট্রাস্ট নীতি অনুসরণের মাধ্যমে রিয়েল টাইমে হামলা শনাক্ত ও তা প্রতিহত করতে এই প্ল্যাটফর্মটি বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত