গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাসিস্ট্যান্ট ‘জেমিনি’ মাসে ১০০ কোটির বেশি সক্রিয় ব্যবহারকারীর মাইলফলক অর্জন করেছে। প্রযুক্তি প্রতিষ্ঠানটির এআই বিভাগে বড় ধরনের রদবদলের খবরের মধ্যেই মঙ্গলবার (১১ আগস্ট) এ অর্জনের কথা জানান গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই। খবর এএফপির।
সামাজিক যোগাযোগমাধ্যমে পিচাই জানান, এটি গুগলের ১৪তম সেবা হিসেবে শতকোটি ব্যবহারকারীর তালিকায় যুক্ত হলো। পাশাপাশি এত দ্রুত এই উচ্চতায় পৌঁছানো তাদের ইতিহাসে আর কোনো পণ্যের ক্ষেত্রে ঘটেনি। গুগলের পুরো ইকোসিস্টেমে জেমিনি ব্যবহারের সার্বিক তথ্যের ওপর ভিত্তি করে এই হিসাব করা হয়েছে।
এআই বিভাগে অস্থিরতার মধ্যেই গুগল এই সাফল্য পেল। জেমিনির মূল গবেষণাগার ‘গুগল ডিপমাইন্ড-এর প্রধান ও রসায়নে নোবেলজয়ী ডেমিস হাসাবিস সম্প্রতি দৈনন্দিন ব্যবস্থাপনা থেকে সরে দাঁড়িয়েছেন।
এছাড়া তিন দশক ধরে প্রকৌশল কার্যক্রমের নেতৃত্ব দেওয়া জেফ ডিনসহ একাধিক শীর্ষ গবেষক সম্প্রতি প্রতিষ্ঠানটি ছেড়েছেন।
প্রযুক্তিগত প্রতিযোগিতাতেও চ্যালেঞ্জের মুখে গুগল। তাদের নতুন ফ্ল্যাগশিপ মডেল ‘জেমিনি ৩.৫ প্রো’ নির্ধারিত সময়ে বাজারে আসেনি। বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো কোডিংশহ নানা বিষয়ে শক্তিশালী মডেল যুক্ত করেছে।
তবে জিমেইল, ম্যাপস ও ইউটিউবের মতো বড় সেবাগুলোতে জেমিনি যুক্ত থাকায় বিশাল ব্যবহারকারীভিত্তি ধরে রাখা গুগলের জন্য সহজ হচ্ছে।
অন্যদিকে প্রতিদ্বন্দ্বী ওপেনএআই গত জুলাইয়ে জানায়, চ্যাটজিপিটিসহ তাদের সব প্ল্যাটফর্ম মিলিয়ে ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটিতে পৌঁছেছে।
২০২২ সালে চালুর পর চার বছরের কম সময়ে বিশাল এই ভিত তৈরি করেছে তারা। মূলত আসন্ন আইপিওর (শেয়ারবাজার তালিকাভুক্তি) আগে নিজেদের বাজারমূল্য বাড়াতে এই সংখ্যা ব্যবহার করছে প্রতিষ্ঠানটি।
প্রকৃতিতে নেই এমন ভাইরাস তৈরি করল এআই
এআই মডেল উন্মোচন আলিবাবার