মুন্সীগঞ্জের লৌহজংয়ে পশ্চিম শিমুলিয়া দিঘীরপাড় জামে মসজিদের বিদ্যুৎ চুরি বাঁধা দেওয়াকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৫ মে) রাত ৯টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে আরো সাতজন আহত হয়েছেন।
আহতরা হলেন- মসজিদের কোষাধ্যক্ষ শেখ মোশারফ হোসেন (৬২), মো. ইব্রাহিমকে (২৬), অসিম আহমেদ সময় (৩২), সোহেল খান (৪৫), মো. শহিদুল্লাহ্ (৩০), রিটু (৪৫), ও মুন্না (২৫)।
এ ঘটনায় জিহাদ মজুমদারসহ (৪১) অজ্ঞাত ৩/৪ জনের নামে লৌহজং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আহত মোবারক হোসেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মসজিদের মিটার থেকে জিহাদ মজুমদার নামক এক ব্যবসায়ী তার দোকানের জন্য মসজিদ কমিটির কাউকে না জানিয়ে গোপনে বিদ্যুতের লাইন নিয়েছেন। পরে মসজিদের কোষাধ্যক্ষ এতে বাঁধা দিলে ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দুইজনকে জখমসহ ৭ জনকে আহত করেন। এ সময় স্থানীদের সহযোগিতার গুরুতর আহত দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি বাকি আহত ৫ জন প্রাথমিক চিকিৎসা নেন।
স্থানীয় মোস্তফা কামাল মুকুট জানান, শুধু আজকের ঘটনায় নয় এ গ্রামের চিহ্নিত মাদক কারবারি জিহাদ। পুরো গ্রামবাসী ওর উগ্রতায় অতিষ্ঠ। মসজিদ থেকে চুরি করে বিদ্যুৎ নিবে এর বাঁধা দিতে গিয়ে দুইজন মুসল্লীকে কুপিয়েছে আরও আহত হয়েছেন ৫ জন। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ বিষয়ে লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উল ইসলাম জানান, গত রাতে লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ধারালো অস্ত্র ছুরি উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত জিহাদ পলাতক রয়েছে। তিনি আরও জানান, ঘটনার তদন্ত চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শাপলা চত্বরের ঘটনায় ৫৮ জন নিহত হওয়ার তথ্য রয়েছে