প্রতিবন্ধী আইনজীবীদের জন্য কার্যকর, সহজলভ্য এবং অন্তর্ভুক্তিমূলক জাতীয় আইনি সহায়তা সেবার দাবি জানিয়েছেন বক্তারা। পাশাপাশি প্রতিবন্ধী আইনজীবীদের সমানাধিকার নিশ্চিতেও দাবিও জানিয়েছেন তারা।
জাতীয় আইনি সহায়তা দিবস, ২০২৬ উপলক্ষে ক্রিশ্চিয়ান এইড এবং মানুষের জন্য ফাউন্ডেশন-এর সহায়তায়, ভিজ্যুয়ালি ইমপেয়ার্ড পিপলস সোসাইটি (ভিপস) আয়োজিত আলোচনা সভায় এমন দাবি জানানো হয়। গত মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘সমান অধিকার, সমান প্রবেশাধিকার: প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আইনি সহায়তা এবং তার বাইরে’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভিপস এর সভাপতি অ্যাডভোকেট মো. মোশাররফ হোসেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আল আমিন, ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ডো) এর নির্বাহী পরিচালক মো. সাইদুল হক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের উপ-সচিব মাসুমা জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মহিউদ্দিন হানিফ।
বক্তারা আইনি প্রক্রিয়ায় এবং আইন পেশায় প্রতিবন্ধিতার বিষয়টিকে গুরুত্ব দেওয়া এবং জাতীয় আইনি সহায়তার প্যানেল আইনজীবী হিসেবে প্রতিবন্ধী আইনজীবীদের নিয়োগের বিধান রাখার গুরুত্বারোপ করেন।
তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের অন্যতম পিছিয়ে পড়া অংশ এবং তারা প্রায়শই অধিকার লঙ্ঘনের শিকার হন। সামাজিক ও অর্থনৈতিক সীমাবদ্ধতা এবং অন্যান্য কারণে তারা ন্যায়বিচার থেকে বঞ্চিত হন। এমন পরিস্থিতিতে বিচারব্যবস্থাকে অবশ্যই প্রতিবন্ধী-বান্ধব হতে হবে।
তারা আরও বলেন, আইনি প্রক্রিয়ায় এবং পেশায় প্রতিবন্ধিতার বিষয়টিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। পাশাপাশি জাতীয় আইনি সহায়তার প্যানেল আইনজীবী হিসেবে প্রতিবন্ধী আইনজীবীদের নিয়োগের বিধান রাখা উচিত বলে অভিমত ব্যক্ত করেন তারা। বক্তারা উল্লেখ করেন, নিয়ম অনুযায়ী প্রতিবন্ধী ব্যক্তিদের বেশি আইনি সহায়তা পাওয়ার কথা থাকলেও, অবকাঠামোগত সমস্যাসহ নানা কারণে তারা তা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩’-এর পূর্ণ বাস্তবায়নের দাবি জানান।
এছাড়া আইনি সহায়তা ব্যবস্থাকে ডিজিটাল ও প্রবেশগম্য করার পাশাপাশি দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ব্রেইল ও অডিও সাপোর্ট নিশ্চিতের দাবি জানান তারা। অনুষ্ঠানে বিপুল সংখ্যক আইনজীবী ও প্রতিবন্ধী ব্যক্তি উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের ৭ দালাল আটক, সাজা প্রদান