চালকের খোশগল্পে ঝরল ৪ প্রাণ

আপডেট : ১০ মে ২০২৬, ০৭:২৬ এএম

চট্টগ্রামের লোহাগাড়ায় মারসা পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চার যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৪ জন। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নে ফোর সিজন রেস্টুরেন্ট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে। বাস দুটি দোহাজারী হাইওয়ে থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ও গ্রাম থেকে কক্সবাজারগামী মারসা পরিবহনের দুটি বাস ওই এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় দুই চালক পরস্পরের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুটির মধ্যে সংঘর্ষ হয় এবং চট্টগ্রামমুখী বাসটি রাস্তার পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। কক্সবাজারমুখী বাসটি সড়কের পূর্ব পাশে একটি দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই এক নারী যাত্রী প্রাণ হারান। সংঘর্ষে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। 

সূত্র জানায়, ঘটনাস্থলেই এক নারী যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহতাবস্থায় ফায়ার সার্ভিস ছয়জনকে লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। পরে আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় দুজন মারা যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মো. ইকবাল হোসাইন জানান, ঘটনাস্থলে মারা যাওয়া যাত্রীর নাম রেহেনা বেগম। তিনি পটিয়ার বাসিন্দা। স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মৃত্যু হয় নাঈম জিহাদের। তার বাড়ি ঝিনাইদহে। নিহত অপর দুজন হলেন মো. নাঈম ও মো. মনির। নাঈমের বাড়ি ঝিনাইদহ এবং মনিরের বাড়ি ভোলায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত