মুক্তিযুদ্ধে শহীদজায়াদের জীবন-সংগ্রাম নিয়ে গবেষণা

আপডেট : ১০ মে ২০২৬, ০৭:২৭ এএম

‘মুক্তিযুদ্ধে পরিবার প্রধানহারা নারীর জীবনসংগ্রাম’ শীর্ষক একটি গবেষণাকর্ম পরিচালনা করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। মুখ্য গবেষক ছিলেন জাদুঘরের গবেষণা ও গ্রন্থাগার ব্যবস্থাপক ড. রেজিনা বেগম। ১৩০ শহীদজায়াকে নিয়ে গবেষণাটি পরিচালনা করা হয়েছে।

গতকাল শনিবার মুক্তিযুদ্ধ জাদুঘরের সেমিনার হলে গবেষক রেজিনা বেগম গবেষণাকর্মটির প্রাথমিক পর্যায় উপস্থাপন করেন। সূচনা বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারা যাকের। প্যানেল আলোচনায় অংশগ্রহণ করে শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী বলেন, সেই সব লড়াকু মায়ের কথা আমরা মনে রাখিনি। গবেষককে ধন্যবাদ জানাই, তিনি তাদের সেই অজানা কথা তুলে এনেছেন। এ ধরনের গবেষণা আরও বড় পরিসরে হওয়া জরুরি। এই গবেষণা থেকে আরও অনেক গবেষণার দ্বার খুলে যাবে বলে মনে করেন মেঘনা গুহঠাকুরতা। গবেষণাপত্রটিকে সমৃদ্ধ করতে নানা রকম পরামর্শ দিয়ে আরও বড় পরিসরে এই গবেষণা পরিচালনার তাগিদ দেন অধ্যাপক আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন।

আলোচনায় সভাপতিত্ব করেন জাদুঘরের আরেক ট্রাস্টি সারওয়ার আলী। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের ইতিহাসকে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে গবেষণার কোনো বিকল্প নেই। এটি প্রাথমিক গবেষণাপত্র। এটিকে সমৃদ্ধ করা গেলে মুক্তিযুদ্ধের একটা অনালোচিত অধ্যায় নতুন চিন্তার খোরাক জোগাবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত