যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যেই ওয়াশিংটনের সঙ্গে সম্ভাব্য সমঝোতা ভেস্তে দিতে সক্রিয় হয়ে উঠেছে ইরানের কট্টরপন্থি গোষ্ঠী ‘জেবহে-ই পায়দারি’ বা ‘এন্ডুরেন্স ফ্রন্ট’। দেশটির রাজনীতি ও গণমাধ্যমে প্রভাবশালী এই গোষ্ঠী মনে করে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা ইরানের আদর্শিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।
জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের ভিজিটিং ফেলো হামিদরেজা আজিজি সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, 'তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধকে চিরস্থায়ী লড়াই হিসেবে দেখে। তাদের বিশ্বাস, শিয়া আদর্শভিত্তিক রাষ্ট্রব্যবস্থা কিয়ামত পর্যন্ত টিকে থাকা উচিত। এ ধর্মীয় মতাদর্শের প্রশ্নে তারা বেশ উগ্র ও অনড়।' গোষ্ঠীটি নিজেদের ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের প্রকৃত রক্ষক হিসেবে দেখে। তাদের দাবি, ওয়াশিংটনের সঙ্গে আলোচনা নয়, বরং প্রতিরোধের মাধ্যমেই ইরান লাভজনক অবস্থান নিশ্চিত করতে পারে।
ইরানের নতুন নেতৃত্ব যখন জাতীয় ঐক্যের বার্তা দিচ্ছে, তখন এই অতিরক্ষণশীল গোষ্ঠী গণমাধ্যম, পার্লামেন্ট ও জনসমাবেশে আলোচনার বিরোধিতা আরও জোরদার করেছে। তারা আলোচনায় অংশ নেওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে ‘আদর্শ থেকে বিচ্যুতির’ অভিযোগও তুলেছে।
গোষ্ঠীটির অন্যতম প্রভাবশালী নেতা সাঈদ জালিলি ২০২১ সালের নির্বাচনে প্রায় ১ কোটি ৩০ লাখ ভোট পেয়েছিলেন। তার ভাই ভাহিদ জালিলি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির শীর্ষ কর্মকর্তা। এদিকে, গোষ্ঠীটির ঘনিষ্ঠ কয়েকজন সংসদ সদস্য আলোচনাকারী দলের প্রতি সমর্থন জানিয়ে দেওয়া বিবৃতিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছেন। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্রের অতীত আচরণের কারণে এ ধরনের আলোচনা ইরানের জন্য ভুল পদক্ষেপ হতে পারে।
