হাতীবান্ধা সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত

আপডেট : ১৫ মে ২০২৬, ০৮:৪০ এএম

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে খাদিমুল ইসলাম (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মারা গেছেন বলে পরিবার দাবি করলেও মৃত্যুর কারণ স্পষ্ট করেনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

নিহতের পরিবারের দাবি, ‘মানসিক ভারসাম্যহীন’ খাদিমুল বুধবার রাত ৮টার দিকে কাঁটাতারের বেড়ার এপাশে সীমান্তের একটি নদীতে মাছ ধরতে গেলে ওপার থেকে গুলি চালায় বিএসএফ। গুলির শব্দ পেয়ে প্রতিবেশীরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর নিয়ে গেলে রাতেই তার মৃত্যু হয়। পুলিশ গতকাল বৃহস্পতিবার তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

লালমনিরহাট ১৫ বিজিবির প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, হত্যাকা-ের সঙ্গে বিএসএফ জড়িত নয় বলে দাবি করেছে। এ বিষয়ে কোম্পানি কমান্ডার ও ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে প্রতিবাদ জানানোসহ বিস্তারিত আলোচনা হবে। নিহতের ‘শরীরের আঘাতের ধরন পর্যালোচনায় বিভিন্ন সম্ভাবনা বিবেচনায় রাখা হয়েছে এবং ময়নাতদন্তের পর বিষয়টি স্পষ্ট হবে।

এদিকে এ ঘটনায় গতকাল দুপুরে সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়েছে। সেখানে হত্যার কথা স্বীকার করেনি বিএসএফ। এ নিয়ে ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠকের চেষ্টা চালানো হচ্ছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।

নিহতের মা লাইলী বেগম বলেন, ‘খাদিমুল কিছুটা মানসিক ভারসাম্যহীন। বুধবার সীমান্তে মাছ ধরতে গেলে তাকে গুলি করে মেরে ফেলেছে বিএসএফ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত